
গাজীপুরে র্যাবের অভিযানে নিহত আমিনুল এহসান ওরফে অপু (২৩) এক বছর ধরে নিখোঁজ ছিলেন। বগুড়ার বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিস ইনস্টিটিউশনে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।
আমিনুল এহসানের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রামে। বগুড়ায় বড় ভাইয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন। গত বছরের ৪ অক্টোবর থেকে ‘নিখোঁজ’ ছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবদুল গাফফার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি কৃষিকাজ করেন। তাঁর তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে চাকরি করেন। ছোট ছেলে আমিনুল ২০১০ সালে এসএসসি পাসের পর বগুড়ায় বেসরকারি পলিটেকনিকে ভর্তি হন। গত বছরের ৪ অক্টোবর বগুড়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুজি করেও পাননি। ৬ অক্টোবর (২০১৫) কালাই থানায় জিডি করেন তিনি।
আমিনুলের বড় ভাই আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, আমিনুল বাইরের কারও সঙ্গে খুব একটা মিশতেন না, কথাবার্তাও কম বলতেন। গতকাল সন্ধ্যায় জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ যোগাযোগ করে জঙ্গিবিরোধী অভিযানে আমিনুলের নিহতের বিষয়টি জানায়।