এক বছর ধরে সেতুর কাজ বন্ধ, চলাচলে দুর্ভোগ

ঠিকাদার বলছেন, নদীর মধ্যে পায়ার (খুঁটি) তৈরির জন্য স্থায়ী কেজিং আইটেম দরপত্রে ধরা হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতু নির্মাণকালে সাঁকো দিয়ে পার হচ্ছেন লোকজন। সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর গ্রামে
ছবি: প্রথম আলো

নির্মাণাধীন সেতুর কাজ এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর গ্রাম ও পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া বাজারসংলগ্ন হলতা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার নলী জয়নগর গ্রামের হলতা নদীর ওপর ৩৯ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয় ২০১৯ সালের ১৭ নভেম্বর। কাজের দায়িত্ব পায় পিরোজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আবির অ্যান্ড সর্দার (জেভি)। কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সেতুটির নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ রয়েছে। কাজের অগ্রগতি ৩৫ শতাংশ।

এ সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহসান হাফিজ বলেন, ‘সেতুর দুই পাশের পাইলের কাজ শেষ। এরপর নদীর মধ্যে পায়ার (খুঁটি) নির্মাণ করতে গিয়ে দেখি পায়ার তৈরির জন্য স্থায়ী কেজিং (পায়ারের চারপাশে লোহার পাইপের বেষ্টনী) দরপত্রে ধরা হয়নি। এ কারণে নির্মাণকাজ ফেলে রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কাছে স্থায়ী কেজিংয়ের টাকা বরাদ্দ দেওয়ার জন্য আবেদন করেছি।’

সম্প্রতি গিয়ে দেখা যায়, হলতা নদীর দুই তীর ভরাট হয়ে নদী সরু হয়ে গেছে। নদীর দুই তীরে শুধু সেতুর পাইলের কাজ করা হয়েছে। নির্মাণাধীন সেতুর পাশে সাঁকো তৈরি করে মানুষ চলাচল করছে।

ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক বোরহান সিকদার বলেন, মঠবাড়িয়ার সাপলেজা, নলী, জয়নগরসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এ সেতু পার হয়ে নাচনাপাড়া বাজার, পাথরঘাটা ও বরগুনায় যাওয়া–আসা করে। সেতু না থাকায় সাঁকো পার হতে হয়। সাঁকো দিয়ে যানবাহন চলাচল করতে পারে না।

মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা ইজিবাইকচালক কামাল হোসেন বলেন, ‘আড়াই বছর ধরে ভোগান্তিতে রয়েছি। ভাড়া নিয়ে ওপরে (পাথরঘাটার নাচনাপাড়া) যেতে পারছি না। যাত্রীদের সেতুর কাছে নেমে নদী পার হয়ে অন্য গাড়ি করে গন্তব্যে যেতে হয়।’

উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসীম বলেন, করোনা মহামারি ও অর্থাভাবে সেতুটির কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। এরপর দেখা গেল নদীর মধ্যে পায়ার তৈরির জন্য স্থায়ী কেজিং আইটেম দরপত্রে ধরা হয়নি। এ জন্য দ্রুত টাকা বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে।