এক বছর পর কারাবন্দীদের সাক্ষাৎ পেলেন স্বজনেরা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় এক বছর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ বন্ধ ছিল। আজ বুধবার সকাল থেকে আবারও বন্দীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন স্বজনেরা।
সকাল আটটা থেকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ শুরু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ২৬ মার্চ থেকে কারাবন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণের হার কমে আসায় ৩৪২ দিন পর (প্রায় এক বছর) আবার সাক্ষাৎ শুরু হয়েছে।
কারাগার সূত্রে আরও জানা গেছে, বন্দীরা স্বল্প পরিসরে ১৫ দিনে একবার পরিবারের যেকোনো একজন সদস্যের সঙ্গে ১০ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ পাবেন। তবে কোনো বন্ধু বা নিকটাত্মীয়ের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে না।
বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কারাগার এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান ফটকের কাছে বন্দীদের সাক্ষাতে আসা স্বজনদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। পাশে সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। বন্দীদের সাক্ষাৎকার কক্ষে প্রবেশের আগে নারী-পুরুষদের মধ্যে ছিল সামাজিক দূরত্ব।
শরীয়তপুরের জাজিরা থেকে আসা কল্পনা বেগম (৪২) বলেন, তাঁর ছোট ভাই জাজিরা থানায় এক হত্যা মামলার আসামি। ছয় মাস ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দী। আজ (বুধবার) ভাইয়ের দেখা পেয়েছেন।
পুরান ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা সুফিয়া আক্তার (৫৮) বলেন, তাঁর ছেলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি। গত বছর মার্চ মাসের শেষের দিকে ছেলের সাক্ষাৎ পেয়েছিলেন। বুধবার আবার দেখা পেলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মামুন বলেন, বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সাক্ষাৎ করতে আসা স্বজনদের অবশ্যই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ছাড়া বন্দীদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক মুঠোফোনের ব্যবস্থা আছে।