এক বছর পর বন্ধ রাস্তা খুলে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খানের উপস্থিতিতে বুধবার বিকেলে বাঁশের বেড়া কেটে রাস্তাটি খুলে দেওয়া হয়। বুধবার উপজেলার সরকাপুর গ্রামে
ছবি: আবদুর রহমান ঢালী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামে বসবাসরত ৫০টি পরিবারের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার এক বছর পর খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খানের উপস্থিতিতে বাঁশের বেড়া কেটে রাস্তাটি খুলে দেওয়া হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা, গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম সরকার, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ সরকার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এম এইচ মোহন।

গ্রামের বাসিন্দা প্রবাসী শাহজাহান শিকদার বলেন, উপজেলার পেন্নাই গ্রামের বাসিন্দা আবুল হাশেম সরকাপুর গ্রামে এক বছর আগে রাস্তার দুই পাশে কয়েক বিঘা জমি কেনেন। এরপর বাঁশের বেড়া দিয়ে জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি বন্ধ করে দেন। এতে গ্রামের ৫০টি পরিবারের সদস্যদের এক বছর ধরে খাল, নালা দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়। তারা চরম দুর্ভোগে পড়ে। একপর্যায়ে পরিবারগুলো আলোচনায় বসে গণস্বাক্ষর নিয়ে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কুমিল্লা জেলা প্রশাসক, দাউদকান্দি উপজেলার ইউএনও, দাউদকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গৌরীপুর ইউপির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাঁশের বেড়া কেটে জনগণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেন।

গ্রামের গৃহবধূ জামিলা খাতুন, হাসিনা আক্তার, ফারজানা আক্তার ও রাবেয়া আক্তার জানান, দীর্ঘ এক বছর কষ্ট ভোগ করার পর দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাস্তাটি খুলে দিয়ে আজ তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হলো।