এক বছরে এক শতাংশ কাজও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • গত বছরের ডিসেম্বরে এই স্থলবন্দরের কাজ শুরু হয়। জমির দাম কম দেওয়ার কথা বলে মালিকেরা বাধা দেওয়ায় কাজের অগ্রগতি নেই।

জামালপুরের ধানুয়া-কামালপুর স্থলবন্দরে পূর্ণাঙ্গ রূপ দিতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের প্রকল্প এক বছর আগে হাতে নেওয়া হয়। কিন্তু জমির মালিকেরা বাধা দেওয়ায় নির্মাণকাজের কোনো অগ্রগতি নেই। অথচ আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছেন, জমি অধিগ্রহণের জটিলতার কারণে জমিমালিকেরা গত এক বছর স্থলবন্দর এলাকায় কোনো ধরনের কাজ করতে দিচ্ছিলেন না। কাজ শুরু করলেই তাঁরা বাধা দিতেন। গত বুধবার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। বর্তমানেও জমিমালিকেরা নানাভাবে নির্মাণকাজে বাধা দিয়ে আসছেন। ফলে পুরোদমে কাজ করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ধানুয়া-কামালপুর স্থলবন্দর উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ধীরেন্দনাথ সরকার প্রথম আলোকে বলেন, জমি অধিগ্রহণ জটিলতার কারণে স্থলবন্দদের অবকাঠামো নির্মাণকাজে কোনো অগ্রগতি নেই।

জমির জন্য মালিকেরা পর্যাপ্ত মূল্য পাওয়ার দাবি জানিয়েছেন। তবে অধিগ্রহণ প্রক্রিয়াগুলো আইনিবিধির মধ্যে হয়ে থাকে। তাই সেখানে আইনের বাইরে গিয়ে বেশি মূল্য দেওয়ার সুযোগ নেই। নতুন করে বাধা দেওয়ার ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
জেলা প্রশাসক, জামালপুর

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের মে মাসে ধানুয়া-কামালপুরকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। স্থলবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখানে তেমন কোনো অবকাঠামো ছিল না। তাই অবকাঠামো নির্মাণের জন্য ২০১৮ সালে ৫৬ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। ওই সময় থেকে ১৫ একর ৮০ শতাংশ জমি অধিগ্রহণ শুরু হয়। পরে ২০১৯ সালের নভেম্বর মাসে অবকাঠামো নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তমা কনস্ট্রাকশনসহ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্থলবন্দরের অবকাঠামো নির্মাণের জন্য বিশাল এলাকাজুড়ে একটি টিনের বেড়া দেওয়া রয়েছে। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য মাত্র গর্ত খোঁড়া হচ্ছে। কোথাও ঠিকাদারি প্রতিষ্ঠানের বা প্রকল্প পরিচালকের কার্যালয় নেই। বড় ধরনের কোনো কাজ চলছে না।

নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, জমিমালিকেরা অধিগ্রহণের মূল্য কম পাওয়ার অভিযোগ করে আসছিলেন। ধানুয়া-কামালপুর স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি ও অধিগ্রহণ করা জমির মালিক আবদুল্লাহ্ আল মোকাদ্দেসের নেতৃত্বে জমির মালিকেরা কাজ করতে দিচ্ছিলেন না। যতবার কাজ শুরু উদ্যোগ নেওয়া হয়েছে, তাঁরা ততবারই বাধা দিয়েছেন।

এই পরিস্থিতিতে ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসন জমির মালিকদের সঙ্গে আলোচনায় বসেন। এরপর জমিমালিকেরা কাজে আর বাধা না দিতে প্রতিশ্রুতি দেন। কিন্তু ওই রাতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ করা টিনের বেড়া ভাঙচুর করা হয়। একই সঙ্গে কিছু নির্মাণসামগ্রী নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। পরদিন সকালে কাজ শুরু করতে গেলে আবার জমির মালিকেরা কাজে বাধা দেন।

আবদুল্লাহ্ আল মোকাদ্দেস বলেন, তাঁরা কেন ঠিকাদারি প্রতিষ্ঠানের টিনের বেড়া ভাঙচুর করতে যাবেন। তাঁরা নিজেরাই বেড়া ভেঙে অভিযোগ করেছেন। ফলে পরদিন সকালে তাঁরা গিয়ে কাজে বাধা দিয়েছেন। ভূমি অধিগ্রহণ শাখা তাদের বাণিজ্যিক জমিকে কৃষিজমি হিসেবে মূল্য দিচ্ছে। এখানে জমির মূল্য এক থেকে দুই লাখ টাকা শতাংশ। সেখানে মাত্র ১১ হাজার টাকা ধরা হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, জমির জন্য মালিকেরা পর্যাপ্ত মূল্য পাওয়ার দাবি জানিয়েছেন। তবে অধিগ্রহণ প্রক্রিয়াগুলো আইনিবিধির মধ্যে হয়ে থাকে। তাই সেখানে আইনের বাইরে গিয়ে বেশি মূল্য দেওয়ার সুযোগ নেই। নতুন করে বাধা দেওয়ার ব্যাপারে তাঁর কিছু জানা নেই।