এক বছরেও সম্মেলন হয়নি, আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন। সোমবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে
প্রথম আলো

এক বছরের বেশি সময়েও সম্মেলন করতে ব্যর্থ সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন একাংশের নেতারা। আজ সোমবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় ২৫ সদস্যের জেলা আহ্বায়ক কমিটির ৯ সদস্য সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের এক বছর দুই মাস পর হলেও আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সংগঠনবিরোধী সিদ্ধান্তে সাংগঠনিক কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এমনকি আহ্বায়ক দলের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা না মেনে সাবেক সভাপতি-সম্পাদকের নির্দেশ বাস্তবায়ন করে দলের মধ্যে বিভাজন তৈরি করছেন। জেলা সম্মেলন করার প্রথম পদক্ষেপ হিসেবে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয় সম্পূর্ণ একপেশে পদ্ধতি অবলম্বন করে। কমিটি ঘোষণার পর বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাদের বিরূপ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় প্রতিনিধিদল সিলেটে এসে সবার সঙ্গে আলোচনা করে কমিটিগুলোর কার্যক্রম স্থগিত করেন। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি কমিটিতে বাদ পড়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে সমন্বয় করার নির্দেশনা দিলেও যে সমন্বয় কমিটি করা হয়েছে, সে কমিটির বিষয়েও জেলার আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য অবগত নন। এতে আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা সম্মেলন ও কাউন্সিল করে নতুন নেতৃত্ব বের করে আনার পথ চিরতরে বন্ধ হয়ে পড়েছে। তৃণমূল থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক অবস্থাও ভেঙে পড়েছে।

২০১৯ সালের ২ অক্টোবর জেলা বিএনপির কমিটি ভেঙে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আহ্বায়ক মনোনীত হন জেলা বিএনপির বিগত কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করা কামরুল হুদা জায়গীরদার।

এ পরিস্থিতিকে সিলেট জেলা বিএনপির ক্রান্তিকাল উল্লেখ করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চলমান অচলাবস্থার অবসানে বর্তমান কমিটির কার্যক্রম স্থগিত করে একটি সুন্দর ও সুশৃঙ্খল কাউন্সিল আয়োজনে সুনির্দিষ্ট নির্দেশনাসহ কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন। এ সময় আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী, আবদুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক সিদ্দিকী, হাসান আহমদ পাটোয়ারী ও মাহবুবুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের বিষয়ে যোগাযোগ করা হলে জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এটিকে ‘কতিপয় বিপথগামীর তৎপরতা’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনের আগেই জেলা আহ্বায়ক কমিটি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ের ব্যাখ্যা দিয়েছে।

আহ্বায়ক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কথিত সংবাদ সম্মেলনের সঙ্গে সিলেট জেলা বিএনপির কোনো সম্পর্ক নেই। নগরীর একটি রেস্তোরাঁয় কতিপয় বিপথগামী নেতা-কর্মী জেলা বিএনপিতে বিভক্তি সৃষ্টি করতে সরকারের ইন্ধনে জেলা বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। অথচ এ ব্যাপারে জেলা বিএনপি কোনো কিছু অবগত নয়। আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো বিপথগামী নেতা-কর্মীর জেলা বিএনপির দলীয় ব্যানার ব্যবহারের ভিত্তি নেই। এ নিয়ে সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়।

সংগঠন সূত্র জানায়, ২০১৯ সালের ২ অক্টোবর জেলা বিএনপির কমিটি ভেঙে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। আহ্বায়ক মনোনীত হন জেলা বিএনপির বিগত কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করা কামরুল হুদা জায়গীরদার।