কুয়েট ছাত্রলীগ
এক বছরের কমিটিতে চার বছর পার
দীর্ঘ সময় দায়িত্বে থাকায় নেতারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।
২০১৭ সালের ৩১ জুলাই ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি হয়।
ছাত্রলীগের হল কমিটিও হয়নি। কমিটির বেশির ভাগ নেতার এখন আর ছাত্রত্ব নেই।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে প্রায় তিন বছর আগে। বর্তমানে কমিটির সদস্যরা কাগজে–কলমে এখনো পদ আঁকড়ে আছেন। ফলে মেয়াদোত্তীর্ণ কমিটির নেতাদের মধ্যে কোন্দল প্রকট হয়ে সাংগঠনিক বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় দায়িত্বে থাকায় নেতারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়েটে সর্বশেষ ২০১৭ সালের ৩১ জুলাই ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি হয়। কমিটির সভাপতি হন আবুল হাসান এবং সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান। ওই সময়ই দুজন সহসভাপতি, দুজন সাংগঠনিক সম্পাদক এবং তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান ২২১ জন। সেই ‘এক বছরের’ কমিটি এখনো বহাল।
এই সময়ে ছাত্রলীগের হল কমিটিও হয়নি। কমিটির বেশির ভাগ নেতার এখন আর ছাত্রত্ব নেই। অনেকে ক্যাম্পাস থেকে চলে গেছেন। কমিটির গঠনের পরের এক বছর শীর্ষ দুই নেতার মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব ছিল। পরে অবশ্য তাঁরা এক হয়ে কাজ করেছেন। এর মধ্যে সভাপতি আবুল হাসান চলতি বছরের মে মাসে পদে অব্যাহতি দিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। আবুল হাসান দায়িত্ব ছাড়ার পর নাহিয়ান একক নিয়ন্ত্রণে নিতে সক্রিয় হন। এদিকে কমিটির বয়স অনেক দিন হয়ে যাওয়ায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে যায় ছাত্রলীগ। বর্তমান কমিটির নেতাদের একটি অংশ সাধারণ সম্পাদক নাহিয়ানের নেতৃত্বে কাজ করলেও বর্তমান কমিটির সহসভাপতি রুদ্রনীল সিংহ এবং নিবিড় রেজার গ্রুপটিও বেশ সক্রিয় হয়ে ওঠে। সভাপতি না থাকায় সাধারণ সম্পাদকের বাইরের এই গ্রুপটি বিভিন্ন হলে কর্তৃত্ব প্রতিষ্ঠায় তৎপরতা চালায়।
অভিযোগ আছে, সর্বশেষ ডিসেম্বর মাসে লালন শাহ হলে ডাইনিং ব্যবস্থাপনায় অন্য পক্ষের একজনকে সরিয়ে সাধারণ সম্পাদক নাহিয়ানের অনুসারীকে নিতে প্রভোস্ট সেলিম হোসেনকে চাপ দেওয়া হয়।
ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনা প্রচারে এনেছে ছাত্রলীগেরই একটি অংশ। ছাত্রলীগের ওই অংশ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার রুম থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আংশিক ভিডিও ছড়িয়ে দেয়। ওই পক্ষ চেয়েছে শিক্ষকের মৃত্যুর ইস্যুটি কাজে লাগিয়ে বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি আনতে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আপাতত দলীয় কোন্দল চাপা পড়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন প্রামাণিক বলেন, ‘২৫-৩০ জন শিক্ষার্থী আমার অফিসে ঢুকে ঘটনার সংরক্ষিত ফুটেজ চায়। আমি প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে ফুটেজ দিতে রাজি না হওয়ায় তারা আমাকে বের করে দিয়ে ফুটেজ চালিয়ে সেখান থেকে মোবাইলে ভিডিও ধারণ করে। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি। তবে ওই শিক্ষার্থী কারা, তা আমি বলতে পারব না।’
তবে সংগঠনের সহসভাপতি রুদ্রনীল সিংহ বলেন, ‘ছাত্রলীগের কোনো কোন্দল নেই। সাধারণ সম্পাদকের নেতৃত্বেও আমরা একসঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তবে বড় ছাত্র সংগঠনে আগামী নেতৃত্বের জন্য কিছু প্রতিযোগিতা থাকে। সেই সুস্থ প্রতিযোগিতা হয়তো ছিল।’
গত ৩০ নভেম্বর কুয়েটের অধ্যাপক সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর মানসিক নিপীড়নের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কুয়েট প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই মূলত কুয়েটে ছাত্ররাজনীতি আবারও পুরোদমে চাঙা হয়। তবে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনের কোনো কার্যক্রম নেই।
এদিকে ক্যাম্পাসের সাবেক ও বর্তমানের অন্তত ৬ জন প্রভোস্ট এবং ২০ জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতারা নিয়মের বাইরে থেকে অনেক কিছু করতে চান। হল পরিচালনা কমিটিতে তাঁরাই থাকেন। নেতাদের পড়াশোনা শেষ ও সিট বাতিল হওয়ার পরও তা দখলে রাখেন। সিট বণ্টন এবং হলের ম্যানেজারি নিয়ে মূলত চাপ তৈরি করা হয়।
এ বিষয়ে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান বলেন, কুয়েট ছাত্রলীগে কোনো কোন্দল নেই। হল নিয়ন্ত্রণসহ অন্য অভিযোগের কথা সঠিক নয়। হলে ছাত্র ওঠানোর দায়িত্ব সম্পূর্ণভাবে ডিল করেন প্রভোস্ট। আর হলের টাকা বকেয়া রেখে সার্টিফিকেট নেওয়ার কোনো সুযোগ নেই।
ক্যাম্পাসে নতুন কমিটির বিষয়ে সাদমান নাহিয়ান বলেন, ‘কমিটির বিষয়ে কেন্দ্র অবগত আছে। করোনা মহামারির কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কমিটি করা যায়নি। খুব দ্রুতই কেন্দ্র থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। আমরা চাই সম্মেলনের মাধ্যমে একটা নতুন কমিটি হোক।’