এক বছরের সাজা, পালিয়ে ছিলেন পাঁচ বছর
প্রতারণা মামলায় এক বছরের সাজা হয়েছিল রাজশাহীর বাগমারার দুই যুবকের। গ্রেপ্তার এড়াতে পাঁচ বছর ধরে তাঁরা পলাতক ছিলেন। পুলিশ তাঁদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন তাঁরা। অবশেষে ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁদের ধরতে সক্ষম হয়েছে বাগমারা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওই দুই সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার মির্জাপুর গ্রামের সুলতান আহম্মেদ (৩৩) ও তাহেরপুরের সানাউল হক (৩০)। সুলতান আহম্মেদের দুটি মামলায় ছয় মাস করে এবং আরেকটি মামলায় এক বছরের সাজা হয়। এ ছাড়া আরেকটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপর দিকে সানাউল হকের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের রায় হয়। ২০১৭ সাল থেকে তাঁরা পলাতক ছিলেন।
ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁদের ধরতে সক্ষম হয়েছে বাগমারা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আসামি সুলতান আহম্মেদ ও সানাউল হকের বিরুদ্ধে প্রতারণা মামলায় সাজা হয়। এর পর থেকে তাঁরা পলাতক ছিলেন। পুলিশ তাঁদের ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালালেও ধরতে পারেনি। তাঁদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে গতকাল বুধবার থানা-পুলিশের একটি দল ছদ্মবেশে ঢাকায় যায়। আসামিদের শনাক্তে পুলিশ তাঁদের ছবি সংগ্রহ করে।
পুলিশের দলটি মোহাম্মদপুরে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে সেখান থেকে কৌশলে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁদের নিয়ে পুলিশের দলটি থানায় পৌঁছায়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।