এক বজ্রপাতে শেষ চার কিশোরের পরিবারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার স্বপ্ন ছিল, ছেলে অনেক বড় হবে। একটি বজ্রপাত সে স্বপ্ন শেষ করে দিল। তাঁদের চোখে এখন কান্না আর আহাজারি। দিনাজপুর সদর উপজেলায় গতকাল সোমবার বিকেলে বজ্রপাতে নিহত চার কিশোরের বাড়িতে এ অবস্থা। ফুটবল নিয়ে মাঠে দৌড়ানো, পুকুরের পানিতে লাফঝাঁপ আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাদের নৈমিত্তিক কাজ, সেই কিশোরেরা আজ না–ফেরার দেশে।

বজ্রপাতে নিহত চার কিশোর আপন, সাজ্জাদ, হাসান ও মীম মণ্ডলের জানাজা শেষে আজ মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন হয়েছে। আপনকে দাফন করা হয়েছে বাড়ির পাশে কাশিপুর কবরস্থানে আর সাজ্জাদ, হাসান ও মীমকে দাফন করা হয়েছে শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থানে। চার কিশোরের এমন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।

তিন মৃত সন্তানের পর জন্ম সাজ্জাদের

বজ্রপাতে একমাত্র নাতি সাজ্জাদ হোসেনকে হারিয়ে দাদির আহাজারি
ছবি: প্রথম আলো

বজ্রপাতে নিহত সাজ্জাদের বয়স ১৩ বছর। কাশিপুর চকোরিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ত সে। বাবা আইনুল ইসলাম পেশায় ভ্যানচালক। মা সাজেদা বেগম গৃহিণী। বিয়ের ছয় বছরের মধ্যে তিনটি সন্তান মারা যায় আইনুল-সাজেদা দম্পতির। এরপর জন্ম হয় সাজ্জাদের। আজ সকালে আহাজারি করতে করতে আইনুল বলেন, ভাদর কাটানি উৎসব উপলক্ষে বাড়িতে উৎসব উৎসব ভাব। বজ্রপাতে আনন্দের সেই বাড়ি বিষাদে ছেয়ে গেল।

ঢাকায় গেলে হয়তো বেঁচে যেত আপন

আপনের বোন তুলি কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘বাবা ওকে ঢাকায় নিয়ে যেতে চাইছিল। বলছিল, বাবা মোর সাথোত ঢাকা চল। মুই কাজ করিম, তুই খালি সাথোত থাকুবু। ভাইটা আমার রাজি হয়নি। আইজ যদি বাবার সাথোত ঢাকা গেইল হয়, তাইলে ভাইটা আমার বাঁচি গেইল হয়। সকালে খালি বিস্কুট মুখে দিয়ে বাড়ি থাকি বাইর হইছে আর বাড়িতে আসেনি ভাইটা আমার।’

গত শনিবার কাজের সন্ধানে ঢাকায় যান আপনের বাবা সাদেকুল ইসলাম। ছেলেকেও সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে ছেলে রাজি হয়নি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সাদেকুলের সংসার। মেয়েকে বিয়ে দিয়েছেন। ১৬ বছর বয়সী আপন তফিউদ্দিন মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। পিইসি পরীক্ষাতে জিপিএ-৫ পেয়েছিল আপন। পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসত।

ছেলের মৃত্যুসংবাদ শুনে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন সাদেকুল ইসলাম। আজ সকালে বাড়ি ফিরে দেখেন, খাটিয়ায় শুয়ে আছে আদরের আপন।

কী নিয়ে থাকবেন হাসানের মা

বজ্রপাতে ছেলে হাসানকে হারিয়ে মা অমিতা বেগমের কান্না
ছবি: প্রথম আলো

বজ্রপাতে মারা যাওয়া হাসানের (১২) বাবা সিদ্দিক ইসলাম ইজিবাইক মেকানিকের কাজ করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল সিদ্দিকের। হঠাৎ অসুস্থ হয়ে বছর তিনেক আগে মারা যান তিনি। পরিবারে নেমে আসে বিপর্যয়। স্বামীর জমানো টাকা দিয়ে গত বছর মেয়েকে বিয়ে দেন অমিতা বেগম। এরপর নিজে কাজ শুরু করেন অমিতা। সেই টাকায় ছেলেকে মাদ্রাসায় পড়াতেন। হাসান কাশিপুর চকোরিয়া পাড়া মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত।
একমাত্র ছেলের মৃত্যুশোকে নির্বাক হাসানের মা। হাসানের নানা হবিবর জানান, ‘আদরের নাতিটা চলে গেল। মেয়েটা কী নিয়ে বাঁচবে? মেয়েটার আর কিছু থাকল না।’

আর মারামারি করবে না বলে কাঁদছিল ভাই

মীম মণ্ডল আর লাম মণ্ডল পিঠাপিঠি দুই ভাই। মীমের চেয়ে এক বছরের বড় লাম। দুজনের মধ্যে যেমন মিল, তেমন ঝগড়াও করত দুই ভাই। গতকাল বজ্রপাতে মারা যায় মীম। ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে লাম বলছিল, ‘ভাই, তোক মুই আর মারিম না ভাই, তুই আয় ভাই।’

মীমের মা বলেন, ফুটবল খেলে দুপুরে বাড়িতে আসে মীম। মায়ের সঙ্গে বসে ভাত খায়। পরে বিকেলে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে মাচায় বসে ছিল। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে।

ব্রজপাতে ছোট ভাই মীমের মৃত্যুতে বড় ভাই লামের আহাজারি। মঙ্গলবার সকালে জানাজা শেষে দিনাজপুর শহরের শেখপুরা রেলঘুন্টি এলাকায়
ছবি: প্রথম আলো

মীমের চাচা শুকুর আলী বলেন, ‘আকাশটা খারাপ ছিল। আমার ঘরের জানালা খোলা। জানালা দিয়ে দেখলাম, ক্যানেলের পাশে ওরা বসে আছে। আকাশটা ডেকে উঠলে দেখলাম বিদ্যুৎ চলে গেল। জানালা দিয়ে বাইরে দেখি, মীম ও তার বন্ধুরা যে যার মতো শুয়ে আছে। অমনি বাড়ি থেকে বের হলাম। আমার কোলেই মারা গেছে ছেলেটা।’

দিনাজপুর ইসলামিক ক্যাডেট একাডেমিতে তৃতীয় শ্রেণিতে পড়ত মীম (৯)। তিন ভাই-বোনের মধ্যে মীম সবার ছোট। শহরের কাছারি এলাকায় মীমের বাবা সাজু মণ্ডলের চায়ের দোকান আছে। ছেলের মৃত্যুতে শোকাহত সাজু মণ্ডল বলেন, ‘খুব বেশি কিছু চাওয়া ছিল না। আল্লাহর কাছে শুধু বলতাম, ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। বয়সকালে যেন আমাদের ফেলে না দেয়।’