এক বালুমহাল ইজারা, অন্যটি থেকে বালু উত্তোলন করায় অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইজারাবিহীন বালুমহাল থেকে বালু তোলার খবরে টাস্কফোর্সের অভিযান। সোমবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদে
ছবি: প্রথম আলো

এক নদে পাশাপাশি তিনটি বালুমহাল। একটি ইজারা দেওয়া হলেও ইজারাবিহীন দুটি মহাল। ইজারাধীন বালুমহালের কথা বলে ইজারাবিহীন মহালে বালু তোলার সময় আটক হয়েছেন আটজন বালুর কারবারি। পরে তাঁদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টার টাস্কফোর্সের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের নেতৃত্বে এই অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।
ধলাই সিলেটের অন্যতম সীমান্ত নদ। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির পাদদেশ থেকে ধলাই নেমে এসেছে বাংলাদেশে। বর্ষাকালে এই নদ দিয়ে পাহাড়ি ঢল নামলে বালু-পাথরের স্তর জমা হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশ দিয়ে প্রবাহিত ধলাই নদের তিনটি অংশ পৃথক তিনটি বালুমহাল।

উপজেলা প্রশাসন জানায়, ধলাই নদের তিনটি বালুমহালের মধ্যে এ বছর একটি ইজারা দেওয়া হয়েছে। বাকি দুটি ইজারাবহির্ভূত। ইজারাধীন বালুমহাল থেকে বালু উত্তোলনের কথা বলে সংঘবদ্ধ বালু ব্যবসায়ীদের একটি দল ইজারাবিহীন বালুমহাল থেকে বালু তুলছিল। এ খবর পেয়ে সকাল ১০টার দিকে ইউএনওর নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল ধলাই নদে তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযানে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের নেতৃত্বে একদল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কালাসাদেক ক্যাম্প সদস্যরা অংশ নেন। অভিযানে ধলাই নদের মধ্যবর্তী এলাকা থেকে আটজন বালু ব্যবসায়ীসহ বালুবোঝাই নৌযান জব্দ করেন। এ সময় যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ কাজে যুক্ত আটজনকে আটক করে ধলাই নদের তীরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

টাস্কফোর্সের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এর আগে গত ১৬ নভেম্বর ধলাই নদে টাস্কফোর্সের অভিযান হয়েছিল। এ সময় বালু তোলার আড়ালে ইজারা বিধি লঙ্ঘন করে ‘চিপ পাথর’ উত্তোলন করছিল একটি চক্র। দিনব্যাপী ওই অভিযানে হাতেনাতে নয়জনকে আটক করে জনপ্রতি এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

ইজারাবিহীন বালুমহাল থেকে বালু তোলার খবরে টাস্কফোর্সের অভিযান। সোমবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদে
ছবি: প্রথম আলো


ধলাই নদের আশপাশের এলাকার বাসিন্দারা বলছেন, চিপ পাথর উত্তোলনে জড়িত ব্যক্তিরা কৌশল বদল করে ইজারাবিহীন মহাল থেকে বালু তুলছিলেন। যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে যন্ত্র দিয়ে বালু তোলায় ধলাই নদের তীরবর্তী বসতি এলাকায় ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের মূলোৎপাটনে উপজেলা প্রশাসনকে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

ইউএনও সুমন আচার্য প্রথম আলোকে বলেন, ধলাই নদের তীর অরক্ষিত হয়ে পড়ার আশঙ্কাসহ পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় তিনটি বালুমহালের মধ্যে দুটোর ইজারা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যে ক্ষতির আশঙ্কায় ইজারা বন্ধ রাখা হয়েছে, অবৈধভাবে বালু তুলে সেই ক্ষতিই করা হচ্ছে। অবৈধ এই তৎপরতায় মৌসুমের শুরুতেই অভিযান চালানো হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান চলবে।