এক বিষয়ে দুবার পরীক্ষা নেওয়ায় কেন্দ্রসচিবকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় একই বিষয়ে দুইবার পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রসচিব আবদুল জলিলকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারের পরীক্ষায় তিনি দায়িত্ব পালন করেননি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ বলেন, আবদুল জলিলকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের আহ্বায়ক মো. আবদুল মালেককে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আর একই বিষয়ে দুইবার পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্র চিহ্নিত করে তাদের মূল্যায়ন করা হবে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষা। সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নির্ধারিত সেটের কোডের পরিবর্তে ভিন্ন প্রশ্ন দিয়ে প্রথমবার পরীক্ষা নেওয়া হয় ২৯১ জনের। পরে আবার সঠিক সেটের প্রশ্ন দিয়ে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্র কর্তৃপক্ষের ভুলে এক বিষয়ে একই দিনে দুইবার পরীক্ষা দেওয়ায় ওই পরীক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।

এ বিষয়ে সোমবার প্রথম আলো অনলাইনে ‘ভুল কোডের প্রশ্নপত্র সরবরাহ, একই বিষয়ে দুইবার পরীক্ষা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্রসচিব ও সুবিদখালী সরকারি রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলকে আজ মঙ্গলবার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তাঁর স্থলে উত্তর আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেককে নতুন দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের অধীনে মির্জাগঞ্জে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় ২ হাজার ২১২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া সমমানের দাখিল পরীক্ষায় ৫১৮ জন এবং ভোকেশনাল থেকে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

আরও পড়ুন