ফরিদপুরে এক নারীর গায়ে আগুন ধরিয়ে ও মারধর করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা দুই ভাই। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
ঘটনার ১০ বছর পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. সাহাবুদ্দিন খান (৩৫)। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সুমন খানকে (৩২)। তাঁরা আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের সেকেন্দার খানের ছেলে। আদালত দুই ভাইকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন।
নিহত নারীর নাম মনিরা বেগম (১৮)। তিনিও ধলাইরচর গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, সাহাবুদ্দিন মনিরাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে তাঁর পরিবার তা নাকচ করে দেন। পরে সাহাবুদ্দিন মনিরার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সাহাবুদ্দিন আবার মনিরাকে বিয়ের প্রস্তাব পাঠান। এ ঘটনার পর মনিরাকে তাঁর পরিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন।
২০১১ সালের ৮ মার্চ সাহাবুদ্দিন গোপনে বাগেরহাট গিয়ে মনিরাকে নিয়ে পালিয়ে যান। সাদা কাগজে মনিরার স্বাক্ষর নিয়ে বলেন, তিনি মনিরাকে বিয়ে করেছেন। পরে সাহাবুদ্দিন মনিরাকে নিয়ে আলফাডাঙ্গা উপজেলা সদরে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। পরে মনিরা জানতে পারেন, সাহাবুদ্দিন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। ওই বছরের ২০ জুন বাড়িতে গিয়ে মনিরা তাঁর বাবা কবির মোল্লাকে সব খুলে বলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই বছরের ২৭ জুন সাহাবুদ্দিনের মা আছিয়া বেগম তাঁর পুত্রবধূ ঝুমুর বেগমকে দিয়ে মনিরাকে তাঁর বাড়িতে ডেকে আনেন। পরে সাহাবুদ্দিন কেরোসিন তেল গায়ে ছিটিয়ে মনিরার গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর সাহাবুদ্দিনের ভাই সুমন লাঠি দিয়ে মনিরাকে মারধর করেন। ঘটনার ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মনিরা মারা যান। মৃত্যুর আগে মনিরা হাসপাতালের চিকিৎসকের কাছে এসব কথা বলে যান।
অগ্নিদগ্ধের ঘটনায় সাহাবুদ্দিন, সুমন, আছিয়া ও ঝুমুরকে আসামি করে একটি মামলা করেন কবির মোল্লা। পরে সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। ২৯ নভেম্বর পুলিশ ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে সাহাবুদ্দিন ও সুমনকে সাজা দেওয়া হয়েছে। তবে আছিয়া ও ঝুমুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন পাল এ তথ্য নিশ্চিত করেছেন।