এক মণ্ডপে ৭০১টি প্রতিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে চলছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রমে এই উৎসবের আয়োজন কিছুটা ব্যতিক্রম। এবার মণ্ডপটিতে তৈরি করা হয়েছে ৭০১টি প্রতিমা। এর মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের চার যুগের অবতার এবং ধর্মীয় ঘটনাবলি ফুটিয়ে তোলা হয়েছে।

কেশবপুর সদর থেকে ১৩ কিলোমিটার দূরে ভদ্রা নদীর তীরে ভেরচী নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম মন্দির। এই মন্দিরে ১৭ বছর ধরে সর্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবার দুর্গাপ্রতিমার পাশাপাশি সনাতন ধর্মের বিভিন্ন মাহাত্ম্য ফুটিয়ে তোলার জন্য মন্দির প্রাঙ্গণে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সত্যযুগের ক্ষিরোদশাহী বিষ্ণু থেকে শুরু করে হিরণ্য কশ্যপ-বধ, সিন্ধু-বধ, অহল্যা পাষাণী, অকালবোধন, গ্লাসের তৈরি কামাখ্যা দেবী, পুঁতির তৈরি রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মকাহিনি, কলিযুগের গোষ্ঠলীলার কাহিনি প্রভৃতি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রতিমা তৈরির ভাস্কর হিসেবে রয়েছেন আশাশুনি উপজেলার বাউচর গ্রামের চন্দন কুমার মণ্ডল। তিনি বলেন, প্রতিমা তৈরির জন্য ছয় মাস ধরে ২৫ জন শিল্পী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এর মাধ্যমে সনাতন ধর্মের মাহাত্ম্য তুলে ধরা হচ্ছে, যা ভক্ত ও দর্শকদের ধর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার গাঙ্গুলি বলেন, ‘তিন বছর ধরে দুর্গাপ্রতিমার পাশাপাশি আরও বেশ কিছু প্রতিমা তৈরি করেছি। এতে দর্শক সমাগম বেড়েছে। তাই এ বছর ৭০১টি প্রতিমা তৈরি করছি।’