এক মাসে কেজিতে চালের দাম বেড়েছে ১৩-১৪ টাকা
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই চলছে। শুরু হয়েছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রিও। তবু উপজেলায় গত এক মাসের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে গড়ে ১৩-১৪ টাকা। এতে নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপদে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রির নির্দেশনা ছিল। এরপরও এখনো উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে কালুপাড়া, মধুপুর ও বিষ্ণুপুর ইউনিয়নে চাল বিক্রি শুরু হয়নি।
খাদ্যবান্ধব কর্মসূচির মধুপুর ইউনিয়ন কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন আহম্মেদ বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) পুরোনো সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় হতদরিদ্র ব্যক্তিদের তালিকা কে করবেন, পুরোনো সদস্য নাকি ইউপির নতুন সদস্য—এ জটিলতায় তালিকা তৈরিতে দেরি হচ্ছে।
কালুপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারকে হতদরিদ্রের তালিকা তৈরি করে জমা দিতে বলেছি। কিন্তু তাঁরা দিচ্ছেন না।’ বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান টুটুল চৌধুরী বলেন, ‘আশা করছি, আমার ইউনিয়নে কাল সোমবার থেকে চাল বিক্রি শুরু হবে।’
১৬ অক্টোবর বিকেলে পৌরবাজারের চালের বাজার ঘুরে দেখা গেছে, হাইব্রিড জাতের মোটা চাল খুচরা ৩৫ টাকা, স্বর্ণা ও গুটি জাতের ৩৮-৪০ এবং ব্রি ধান-২৮ (চিকন চাল) ৪১-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ধান-চাল ব্যবসায়ী ডিজেল সাহা বলেন, ‘ভারত থেকে চাল আমদানি সরকার বন্ধ করে দেওয়ায় দেশে ধান চালের দাম বেড়ে গেছে।’
চাল ব্যবসায়ী বরুণ কুণ্ডু বলেন, এক মাস আগে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ২২-২৩ টাকা। তখন এই চাল কেনার প্রতি মানুষের আগ্রহ ছিল না। এখন দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের লোকজন বাধ্য হয়ে ওই চাল ৩৫-৩৬ টাকা দরে কিনছেন। ব্রি-২৮ জাতের চিকন চাল ২৭ টাকা থেকে বেড়ে এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় পৌর বাজারে চাল কিনতে আসেন আমরুলবাড়ি গ্রামের দিনমজুর জয়নাল হক। তিনি ৯০ টাকায় আড়াই কেজি মোটা চাল কিনেছেন। তিনি বলেন, ‘মোর সংসারোত ছয়জন মানুষ। জমিজমা নাই। তিনটা ছইল স্কুলোত পড়ে। কাজকাম করি যা পাই তাক দিয়া কষ্ট করি সংসার চলাই। এ্যালা চালের দাম বাড়ি যায়া আরও কষ্ট বাড়ছে।’ দামোদরপুর গ্রামের রিকশাচালক মানিক মিয়া বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে পেয়েছি ১৫০ টাকা। একদিকে রোজগার কম, অন্যদিকে চালের দাম বাড়ছেই। ২০-২২ টাকা কেজির চাল এখন ৩৬ টাকা।’
ধান ব্যবসায়ী সাদিকুল ইসলাম বলেন, ‘দেড় মাস আগে ধান কিনেছি প্রতি মণ ৩৮০-৪২০ টাকা পর্যন্ত। এখন সেই ধান ৬০০-৬৫০ টাকা। কয়েক বছর ধানের ব্যবসা করে লোকসান দিয়েছি। এবার কিছুটা লাভের মুখ দেখেছি।’
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘এবার ধান ও চালের দাম বেড়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষের একটু সমস্যা হচ্ছে। সব ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হলে সমস্যা কমবে।’
উপজেলা খাদ্য কর্মকর্তা মকবুল হোসেন গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মধুপুর, বিষ্ণুপুর ও কালুপাড়া ইউনিয়নের কমিটিকে তালিকা জমা দিতে একাধিকবার তাগাদা দিয়েছি। হয়তো দু-তিন দিনের মধ্যে তালিকা পেয়ে যাব। এরপরই ওই তিন ইউনিয়নে চাল বিক্রি শুরু হবে।’