এক মাসে তিন গুণ রোগী বেড়েছে

বছরের তিন মাসে ছয় জেলায় ১২ হাজার ২৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২ জন।

শয্যাসংকটে মেঝেয় শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গতকাল বরগুনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের শুরু থেকেই বরিশাল বিভাগে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে ফেব্রুয়ারিতে তা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু মার্চ মাসে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। গত মাসে এই বিভাগে আক্রান্তের সংখ্যা ফেব্রুয়ারির তুলনায় তিন গুণ বেড়েছে।

অধিকাংশ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগী উপচে পড়ছে। শয্যা খালি না থাকায় কোথাও কোথাও রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের তিন মাসে বিভাগের ছয় জেলায় ১২ হাজার ২৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ২ জন। এই ২ জনই পটুয়াখালী জেলার।

স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারি মাসে বিভাগে ৪ হাজার ৮১১ জন আক্রান্ত হয়। এর পরের মাসে তা অনেকটা কমে হয় ১ হাজার ৮১০ জন। আর মার্চে তা বেড়ে হয় ৫ হাজার ৬৫২ জন। আক্রান্তের দিক দিয়ে বেশি ভোলা জেলায়। দ্বিতীয় অবস্থানে আছে পটুয়াখালী জেলা।

বরিশাল জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, মার্চ মাসের প্রথম থেকেই এই হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ বাড়তে শুরু করে। গতকাল শনিবার এখানে ১২ জন রোগী ভর্তি ছিল। ডায়রিয়া ওয়ার্ডের নার্স (ইনচার্জ) সামসুন্নাহার বলেন, ডায়রিয়া রোগীর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীর সংখ্যা কিছুটা কম থাকায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা নুশরাত শারমিন বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। ডায়রিয়ার ওয়ার্ডের পুরোনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। তাই আপাতত মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

কয়েকজন রোগী ও রোগীর স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবস্থা জটিল না হলে হাসপাতালমুখী হচ্ছে না ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তিরা। বেশির ভাগই বাড়িতে বসে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। প্রত্যন্ত এলাকায় প্রায় ঘরে ঘরে এমন অনেক রোগী আছে বলে বেসরকারি বিভিন্ন সূত্রে জানা যায়।

এই হাসপাতালে চিকিৎসা নেওয়া পলাশপুর এলাকার সোনিয়া আক্তার ও আসমা আক্তার বলেন, তাঁরা নগরের ৫ নম্বর ওয়ার্ডের পরামপুর বস্তির বাসিন্দা। তিন দিন আগে হাসপাতালে এসেছিলেন। আজ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন।

বরগুনা জেনারেল হাসপাতালে গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যার চেয়ে রোগী বেশি। শয্যা আছে ১৩টি, রোগী ভর্তি ৩১ জন। বাকি রোগী মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডেই কথা হয় বরগুনা সদরের ধূপতি গ্রামের শিশু আরিফ (৩) ও একই গ্রামের শিশু তাসিনের (৬) স্বজনদের সঙ্গে। আরিফের বাবা আর মামুন পেশায় শ্রমিক। তিনি বলেন, শুক্রবার শেষরাত থেকে তাঁর ছেলে অসুস্থ। গতকাল সকালে তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। শয্যা কম থাকায় মেঝেতে শয্যা নিয়ে বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,

গত বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল ৫০ হাজার ৮২০ জন। এর মধ্যে ৫২ শতাংশের বেশি রোগী আক্রান্ত হয়েছিল এপ্রিল মাসে। আর মে মাসের ১০ দিনে আক্রান্ত হয়েছিল প্রায় ১০ শতাংশ; অর্থাৎ এপ্রিল থেকে ১০ মে—৪০ দিনেই আক্রান্ত হয়েছিল ৬২ শতাংশ রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, চৈত্র-বৈশাখে পানিবাহিত রোগটির প্রকোপ দেখা দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে নদী-খালের পানি ব্যবহারকারীরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়।