এক যুগ পর ফটিকছড়ি আ.লীগের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ এক যুগ পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় কাউন্সিলরদের ভোটে উপজেলা কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে মুজিবুল হক সভাপতি এবং নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলরদের ভোটের আগে গতকাল দুপুরে ফটিকছড়ি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। পাকিস্তানকে জঙ্গিদের মদদদাতা ও লালনকারী দেশ উল্লেখ করে তিনি বলেন, আগামী সার্ক সম্মেলন পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সেখানে যাবে না।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম সোলায়মানের সঞ্চালনায় অধিবেশনের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।

সভায় আরও বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার, জেলা আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার, খাদিজাতুল আনোয়ার, ছাত্রলীগের নেতা বখতেয়ার সাঈদ, শাহেদুল আলম সাহেদ, মাইনুল করিম প্রমুখ।