গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে অবস্থিত বুড়াবুড়ি আজিতুল্লাহ সরকার হাইস্কুল অ্যান্ড কলেজ। এক যুগ ধরে এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেননি।
প্রথমবার ২০০৫ সালে এই কলেজ থেকে চারজন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। প্রথমবারই সবাই অকৃতকার্য হন। এরপর প্রতিবছর এইচএসসি পরীক্ষায় মাত্র একজন করে নিয়মিত অংশ নেন। কিন্তু কেউ পাস করেননি। চলতি বছরের এইচএসসি পরীক্ষায়ও মাত্র একজন অংশ নিয়ে ফেল করেন।
কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বুড়াবুড়ি আজিতুল্লাহ সরকার হাইস্কুল স্থাপিত হয়। ২০০৩ সালে এটি কলেজে উন্নীত হয়। তবে কলেজটিকে শুধু পাঠদানের অনুমতি দেওয়া হয়। কলেজ শাখায় মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ১০ জন শিক্ষক ও ছয়জন কর্মচারী রয়েছেন। তাঁরা এমপিওভুক্ত নন।
গতকাল শনিবার ওই প্রতিষ্ঠানে গিয়ে কলেজ শাখার কোনো শিক্ষক-শিক্ষার্থীকে দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুল শাখার এক শিক্ষক বলেন, কলেজ শাখার কোনো শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা পান না। তাই কোনো শিক্ষক কলেজে আসেন না। পাঠদান হয় না বলে শিক্ষার্থী নেই।
প্রতিষ্ঠানটির স্কুল শাখার বেশ কয়েকজন ছাত্রের অভিভাবক অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির জমিদাতা বুড়াবুড়ি গ্রামের মৃত আজিতুল্লাহ সরকারের নাতি আইনুল হক কলেজ শাখায় শুরু থেকেই অফিস সহকারী হিসেবে যোগদান করেন। তিনি কলেজ শাখায় ছাত্র ভর্তি, পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম এককভাবে নিয়ন্ত্রণ করেন। কিন্তু প্রতিষ্ঠান বা শিক্ষার মানোন্নয়নে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কলেজ শাখার অফিস সহকারী আইনুল হক বলেন, ‘যেহেতু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি, শিক্ষকেরা কলেজে আসেন না, তাই বিভিন্ন কাজ আমাকে একাই করতে হয়। কলেজটি প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’