এক রশির দুই প্রান্তে ঝুলছিল কিশোর-কিশোরীর লাশ
এক রশি, দুই প্রান্ত। প্রান্তদ্বয়ে ঝুলছে কিশোর-কিশোরীর লাশ। শনিবার সকালে পটুয়াখালী সদর উপজেলার এক বাগান থেকে এভাবে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে একই দিন একই উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
মাদারবুনিয়া ইউনিয়নের একটি গ্রামের বাগান থেকে ওই কিশোর-কিশোরীর বয়স যথাক্রমে ১৭ ও ১৪ বছর। ওই কিশোর গত বছর দাখিল পাস করেছে আর কিশোরী মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। দুজন চাচাতো ভাই–বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, একই গ্রামের রাস্তার দুই পাশে এই কিশোর–কিশোরীর বাড়ি। কয়েক দিন ধরে কিশোরের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ওই কিশোর গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খায়। শনিবার ভোরে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একইভাবে কিশোরী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। সকালে উঠে তাকেও ঘরে দেখতে পাননি স্বজনেরা। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাগানে গাছের সঙ্গে গলায় রশি দেওয়া কিশোর ও কিশোরীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে একটি রেইনট্রির ডাল থেকে একই রশির দুই মাথায় দুজনকে ঝুলতে দেখে। পরে তাদের লাশ নামিয়ে সুরতহাল করা হয়। দুজন এক রশিতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। তবে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
আরেক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
অপর এক ঘটনায় শনিবার সকালে সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের একটি গ্রামে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত ব্যাপারে অভিমান করে সে–ও আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল এই কিশোরীর। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আখতার মোর্শেদ।