
স্বামী মারা গেছেন অনেক আগে। রেখে গিয়েছিলেন ভিটাটুকু। অনেক কষ্টে টিনের দুটি ঘর তুলে একমাত্র ছেলেকে বুকে আগলে তিল তিল করে সাজিয়েছিলেন ছোট্ট সংসার। তাঁর সেই ঘরই এক রাতের বানের পানিতে ভেসে গেল।
ব্রহ্মপুত্র নদের উপচে পড়া পানিতে ঘর হারিয়ে রেণু বেওয়া এখন নিঃস্ব। ছেলেটিই এখন বাঁচার একমাত্র অবলম্বন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অসহায় এই নারীর। অস্থায়ীভাবে ঠাঁই নিয়েছেন ওই ইউনিয়নের কাচকোল হাট মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয়ে। বিভিন্ন জেলায় চলমান বন্যায় ঘরবাড়ি তলিয়ে বা ভেসে গিয়ে কিংবা নদীভাঙনের শিকার হয়ে অসহায় হয়ে পড়েছেন রেণু বেওয়ার মতো অসংখ্য মানুষ।
গতকাল রোববার সকালে রানীগঞ্জ ইউনিয়নের বুরুজের পার এলাকায় গিয়ে দেখা যায়, রেণু বেওয়া ছেলে গোলবাহার ও ভাই আবদুস ছালামকে নিয়ে নৌকায় করে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। সঙ্গে প্লাস্টিকের চেয়ার, কিছু ঘটিবাটি, দু-একটা কাঁথা। এগুলোই রক্ষা করতে পেরেছেন তিনি। যাওয়ার সময় বারবার পানিতে তলিয়ে থাকা ভিটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছেন।
ওই এলাকার বানভাসি কিছু লোকের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যায় বুরুজের পারসহ আশপাশের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। চিলমারী উপজেলা সদর, থানাহাট বন্দর, কুড়িগ্রাম-চিলমারী সংযোগ সড়ক ও উপজেলার অন্য সড়কগুলোতে কোথাও কোমর, কোথাওবা হাঁটুপানি। যাঁরা কিছুটা উঁচু স্থানে আশ্রয় নিয়েছিলেন, তাঁরাও স্বস্তিতে নেই। কারণ, সেখানেও পানি উঠছে। এ ছাড়া রমনা স্টেশনের পাশে রেললাইনের নিচের গর্ত দিয়ে এপাশে-ওপাশে পানি যাচ্ছে। এতে রেললাইন ঝুঁকিতে রয়েছে।
জানা গেল, গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ব্রহ্মপুত্রের পানি উপচে উপজেলার অনেক বসতবাড়ি-ভিটা তলিয়ে যায়। ভেসে গেছে ঘরে থাকা আসবাব, চাল-ডালসহ প্রয়োজনীয় দ্রব্য, গরু-বাছুর সবকিছু।
রেণু বেওয়া প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে তাঁর স্বামী মারা যান। দিনমজুরি করে ছেলেকে নিয়ে বহু কষ্টে সংসার চালান। স্বামীর রেখে যাওয়া ভিটায় তোলেন দুটি টিনের ঘর। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল।
রেণুর আরেক ভাই সুরুজ আলী, পেশায় কৃষিশ্রমিক। তিনি বলেন, পাঁচ দিন আগে কাজের খোঁজে চট্টগ্রাম যান। মহাজনের সঙ্গে কাজের চুক্তিও হয়। হঠাৎ মুঠোফোনে খবর পান, বন্যার পানির তোড়ে তাঁর ঘর ভেসে গেছে। কাজ ফেলে চট্টগ্রাম থেকে শনিবার গ্রামে ফিরে দেখেন, ঘরের চিহ্নও নেই। শুধু পানি। খোঁজাখুঁজির পর ছেলেমেয়েদের সন্ধান পান মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয়ে। বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
রেণুর ভাই আবদুস ছালাম বন্যায় সবকিছু হারিয়ে যেন পাথর হয়ে গেছেন। একসময় বললেন, কোনো দিন তাঁদের বাড়িতে পানি ওঠেনি। এবার বন্যার তোড়ে সব ভেসে গেল। তিনি বললেন, ‘হামরা গরিব মানুষ। কমনে করি কি করমো। কত কষ্ট করি ঘরবাড়ি করছ। এক রাতে শ্যাষ।’
এলাকাবাসী বললেন, শুক্রবার প্রথমে ব্রহ্মপুত্রের পানি বুরুজের পার গ্রামেই ঢোকে। গ্রামে ৫০-৬০টি পরিবারের বসবাস। এর মধ্যে ১০টি পরিবারের ঘর ভেসে গেছে। এসব পরিবার ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। এখনো সাহায্য না পাওয়ার কথা জানাল পরিবারগুলো।
এ প্রসঙ্গে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম বলেন, মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয়ে ৬০-৭০টি পরিবার আশ্রয় নিয়েছে। দু-এক দিনের মধ্যে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
একই কথা বললেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।