এক শিক্ষার্থীকে মারধরের জেরে চার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ভাঙচুর হওয়া একটি টেলিভিশন। হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের জেরে সংঘর্ষে জড়িয়েছেন চারটি আবাসিক হলের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজন বর্তমানে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, ১৮তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরশেদ ও ১৯তম ব্যাচের শিক্ষার্থী আনজারুল ইসলাম। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকায় দলীয় অনুসারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছেন। নতুন কমিটিতে পদ পেতে গত কমিটির নেতা-কর্মীরা বছরখানেক আগে কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। পদপ্রত্যাশী নেতাদের ছোট ছোট গ্রুপের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটছে। গতকাল রাতের ঘটনাতেও ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপ‌দেষ্টা ইমরান পার‌ভেজ মু‌ঠো‌ফো‌নে প্রথম আলো‌কে বলেন, গতকালের ঘটনা কোনো দলীয় কোন্দল নয়। ব্যক্তি থে‌কে হ‌লের গোষ্ঠীবদ্ধতার কার‌ণে এ ধর‌নের সংঘা‌ত হ‌য়ে‌ছে। তবে তিনি এ–ও বলেন, বিশ্ববিদ্যাল‌য়ে কাঠা‌মোগত ছাত্ররাজনী‌তি নেই। কোনো ‘চেইন অব কমান্ড’ নেই। ফ‌লে নি‌জে‌দের ম‌ধ্যে গ্রু‌পিং ও কোন্দ‌লের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

গতকালের রাতের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও ছাত্রলীগের একটি অংশকে নেতৃত্ব দেওয়া রিয়াদ খান বলেন, সব‌ মি‌লি‌য়ে ক্যাম্পা‌সে বর্তমা‌নে সাত‌টি গ্রুপ যে যার মতো রাজনী‌তি কর‌ছে। নেতার সা‌ন্নি‌ধ্যে আসার চেষ্টা কর‌ছে। ক‌মি‌টি দেওয়া হ‌লে সমস্যার সমাধান হ‌বে।

আজ শুক্রবার সকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সূত্রপাত গতকাল রাত আটটায়। পূর্বশত্রুতার জেরে ১৯ ব্যাচের শিক্ষার্থী আনজারুল ইসলামকে শহীদ মিনারসংলগ্ন এলাকায় শেখ রাসেল হলের ৮-১০ জন শিক্ষার্থী মারধর করেন।

একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে অন্য কয়েকজন শিক্ষার্থী তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। আহত আনজারুল ইসলাম ডরমেটরি-২ হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর মারধরের খবর পেয়ে ওই হলের শিক্ষার্থীরা শেখ রাসেল হলের শিক্ষার্থীদের ওপরে চড়াও হন। এ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শিক্ষক ইয়াসিন প্রধান উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শিক্ষার্থীরা জানান, এরপর অধিকাংশ শিক্ষার্থী হলে ফিরলেও আচমকা শেখ রাসেল হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ডরমেটরি–২ হলের ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ হয়। পরে রাত ১১টায় ডরমেটরি-২ হলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রক্টর মামুনুর রশিদ। কিন্তু আলোচনায় কোনো সমাধান আসেনি।

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ফলে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ক্যানটিন
ছবি: সংগৃহীত

এর একপর্যায়ে রাত ১২টায় ডরমেটরি-২ ও তাজউদ্দীন হলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের ওপরে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তালা ভেঙে বঙ্গবন্ধু হলে প্রবেশ করে নিচতলায় রাখা মোটরবাইক, কক্ষের জানালা, টেলিভিশন কক্ষের থাই গ্লাসসহ হলে ব্যাপক ভাঙচুর করেন। পরে রাত তিনটায় পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ঠুনকো বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটিয়েছেন। উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা হলের দরজা–জানালা ভাঙচুর করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ বিধান চন্দ্র হালদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।