এক সপ্তাহ পর বিদ্যুতের দেখা পেল জগন্নাথপুরের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরের বড়ইকান্দি উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল
ফাইল ছবি: প্রথম আলো

টানা এক সপ্তাহ পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। তবে বন্যার পানির কারণে এখনো অনেক জায়গায় সংযোগ চালু করা যাচ্ছে না।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় প্রথম বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। ১৬ জুন বৃহস্পতিবার রাত থেকে জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বন্যার পানি বিদ্যুৎ উপকেন্দ্রে ও অফিস আদালত ঘর বাড়িতে ঢুকে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

উপজেলাবাসী ও জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, ১৬ জুন অতিবৃষ্টি ও বন্যায় সিলেট বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ে। ও কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। সিলেট বড়ইকান্দি ৪৪ কিলোমিটার দূর থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুৎ না থাকায় মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। দুর্বিষহ হয়ে উঠে জগন্নাথপুরবাসীর জীবনযাত্রা। শুক্রবার থেকে বিদ্যুৎ সংযোগ ও মুঠোফোন নেটওয়ার্ক চালু হওয়ায় স্বস্তি ফিরেছে উপজেলাবাসীর মধ্যে।

জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেব বাড়ির বাসিন্দা ময়ূখ ভট্টাচার্য বলেন, প্রযুক্তির এই যুগে টানা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকার মুহূর্তগুলো কষ্টদায়ক ছিল।

আরও পড়ুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী বলেন, জুন মাসে সরকারি দপ্তরগুলোতে কাজের অনেক চাপ থাকে। বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ না থাকায় অনেকটা বিঘ্নিত হয়।

জগন্নাথপুর উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, বন্যার পানি কিছুটা কমতে থাকায় কিছু কিছু এলাকায় সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এখনো অনেক জায়গায় বন্যার পানির কারণে সংযোগ চালু করা যাচ্ছে না। তাঁর সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করছেন।