পরিচয়পত্র জালিয়াতি ও দখল
এক সপ্তাহে ৫০ অভিযোগ পেয়েছে তদন্ত কমিটি
তদন্ত কমিটির কাছে চিরকুটের মাধ্যমেও অর্ধশত অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগে রাজনৈতিক নেতাদের নাম উঠে এসেছে
কুষ্টিয়ায় সম্প্রতি জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জায়গাজমি দখলের ঘটনার পর এ–সংক্রান্ত তদন্ত কমিটির কাছে আরও অভিযোগ আসতে শুরু করেছে। কুষ্টিয়া শহর ছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীরা নানাভাবে তাঁদের অভিযোগ জানাচ্ছেন। গত এক সপ্তাহে ৫০টি অভিযোগ পেয়েছে ওই কমিটি।
জমি জালিয়াতির ঘটনার বিষয়ে ১৫ সেপ্টেম্বর স্থানীয় সাংসদ মাহবুব উল আলম হানিফের নির্দেশে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও একজন সরকারি কৌঁসুলিকে নিয়ে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটির একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের করা জায়গাজমি দখলের অভিযোগে জেলার প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। সব কটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি কুষ্টিয়া শহরের বাসিন্দা এম এম এ ওয়াদুদ পরিবারের জমি কেনাবেচা ও দখলচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। ইতিমধ্যে এ মামলায় এজাহারভুক্ত ছয়জন আসামি ও তদন্তে আরেক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়ায় তাঁকেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন আসামি আদালতে তাঁদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে রাজনৈতিক প্রভাবশালী নেতাসহ বিভিন্নজনের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে।
তদন্ত কমিটির কাছে আসা কোনো অভিযোগই অবহেলা করা হচ্ছে না। ইতিমধ্যে কমিটির সদস্যদের একটি প্রাথমিক সভা হয়েছে। জমা পড়া অভিযোগের ব্যাপারে সাংসদকেও জানানো হয়েছে।
তিন সদস্যের কমিটি সূত্রে জানা যায়, ৫০টি অভিযোগ ছাড়াও গত সাত দিনে তাদের কাছে ছোট ছোট চিরকুটের মাধ্যমে আরও অর্ধশত অভিযোগ জমা পড়েছে। এগুলোতে অভিযোগ করা হয়েছে, কুষ্টিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন জায়গায় সরকারি-বেসরকারি বেশ কিছু জায়গা জোরজবরদস্তি করে দখল করে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অনেকে ভয়ে প্রতিবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে গেছেন। এসব জবরদখলে রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছে।
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, তদন্ত কমিটির কাছে আসা কোনো অভিযোগই অবহেলা করা হচ্ছে না। ইতিমধ্যে কমিটির সদস্যদের একটি প্রাথমিক সভা হয়েছে। জমা পড়া অভিযোগের ব্যাপারে সাংসদকেও জানানো হয়েছে।