একই রশিতে ঝুলছিল মা–বাবার লাশ, ছোট্ট হোসাইন শুধু কাঁদছে
দেড় বছর বয়সী ছোট্ট মো. হোসাইনের কান্না যেন থামছেই না। একটু পরপর মাকে খুঁজছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ ঘর থেকে উদ্ধার হয় মো. ইসকান্দর (২৬) ও রুমা আকতারের (২২) লাশ। হোসাইন এই দম্পতির সন্তান।
একই রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ইসকান্দর-রুমা দম্পতির লাশ। তাঁদের বাড়ি উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাইকুল এলাকায়। আজ শনিবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আর রুমা আকতারের বাবা জামাল উদ্দিনের অভিযোগ, মেয়ে ও জামাইকে নেশাজাতীয় ওষুধ খাইয়ে হত্যার পর দেবর ও শাশুড়ি রশিতে ঝুলিয়ে রাখেন।
শিশু হোসাইনের নানির বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক খোন্দকারপাড়া এলাকায়। আজ বেলা ১টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, শিশু হোসাইন একটি ঘরের ভেতর নানির কোলে বসে কান্না করছে।
হোসাইনের নানি নুর নাহার বেগম বলেন, হোসাইনের নানা জামাল উদ্দিন মেয়ের মৃত্যুর খবর শুনে রাতে ছুটে যান মেয়ের শ্বশুরবাড়িতে। হোসাইনের মা-বাবার লাশ থানায় নিয়ে যাওয়ার পর রাত ১টার দিকে শিশু হোসাইনকে নিয়ে আসেন। আসার পর থেকে সে শুধু কান্না করছে। মুখে কিছু তুলছে না।
নুর নাহার বেগম অভিযোগ করেন, তাঁর মেয়ে ও জামাতাকে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, দুই বছর আগে রুমার বিয়ে হয়। বছরখানেক আগে রুমার ছোট বোন নাজমা আকতারকে রুমার দেবর আরিফ বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। সে প্রস্তাব নাকচ করে দেওয়ার পর থেকে রুমার ওপর নেমে আসে নির্যাতন। দেবরের পাশাপাশি রুমার শাশুড়িও তাঁর মেয়েকে তুচ্ছ ঘটনায় সব সময় নির্যাতন করতেন।
চার দিন আগে কাতার প্রবাসী ইসকান্দর দেশে আসেন। শুক্রবার স্বামীকে নিয়ে রুমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। ওই দিন বিকেলে রুমা জানান, শ্বশুরবাড়িতে ঝগড়া হয়েছে বলে আসতে পারবেন না। পরে রাতে তাঁর মৃত্যুর খবর আসে।
অভিযোগের বিষয়ে নিহত রুমা আকতারের শাশুড়ি ফিরোজা বেগম বলেন, স্বামী-স্ত্রী দুজন তাঁদের অগোচরে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় অন্য কক্ষে তাঁর কোলে ছিল শিশু হোসাইন।