চুয়াডাঙ্গায় বাউল উৎসবের প্রধান আয়োজক জাকারিয়া হোসেন ওরফে জাকির খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম মুক্তার হোসেন (২৫)। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। মুক্তার ওই গ্রামের আবদুল হামিদের ছেলে। পুলিশের দাবি, মুক্তার একজন চিহ্নিত সন্ত্রাসী।
মুক্তার হোসেনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে খুনের সূত্র উদ্ঘাটনসহ তদন্তে .অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নারীদের শ্লীলতাহানিসহ বিভিন্ন সামাজিক অনাচারের প্রতিবাদ করায় ক্ষুব্ধ কিছু লোক জাকারিয়াকে খুন করেছে। এজাহারভুক্ত অন্য আসামিদের ধরতে জাল বিছানো হয়েছে।’
এদিকে জাকারিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল জেলা বাউল কল্যাণ সংস্থার উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাউলেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি পেশ করেছেন।
বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন চলাকালে জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি ফকির মহিউদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন শাহ, মেহেরপুর জেলা সম্পাদক ফকির মজনু শাহ, বেতারশিল্পী বাউল রইচ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জাকারিয়া খুনের রহস্য উদ্ঘাটনসহ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। শনিবার রাতে পৌর এলাকার হাটকালুগঞ্জে ওরস মাহফিলে যে হামলার ঘটনা ঘটে, তারও নিন্দা জানান বাউলেরা।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ছুফি উল্লাহ প্রথম আলোকে বলেন, জাকারিয়া হোসেন খুনের ঘটনার সূত্র উদ্ঘাটন করেছে পুলিশ। কাউকে অহেতুক হয়রানি না করে প্রকৃত অপরাধীদের ধরতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের নাগুড়তলা মাঠে বাউল উৎসবের কাছেই প্রধান আয়োজক জাকারিয়াকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে খুন করে। জাকারিয়ার প্রয়াত বাবা ফকির ফজলু শাহ চুয়াডাঙ্গার সুপরিচিত বাউলশিল্পী ও সংগঠক ছিলেন। বাবার মৃত্যুর পর বাউল উৎসব আয়োজনের সামগ্রিক তদারকি করতেন জাকারিয়া। এ ঘটনায় তাঁর বড় ভাই চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কিবরিয়া হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
এদিকে গত শনিবার রাতে হাটকালুগঞ্জে ওরস মাহফিলে হামলার বিষয়ে আয়োজক মনির হোসেন গতকাল ঘটনাটি পরিষ্কার করেছেন। তিনি জানান, ওরসের কাছে স্থানীয় বখাটে যুবকদের দুটি পক্ষ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াও হয়। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষকে খুঁজতে ওরস মাহফিলের ভেতর ঢুকে পড়ে এবং জেনারেটর বন্ধ করে হামলা চালিয়ে ভাঙচুর করে। পুলিশও এ ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছে।