অনুদান নিয়ে আইসিইউ
একজনের উদ্যোগে প্রাণ বাঁচে অনেকের
চিকিৎসক শাব্বির হোসেনের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন অনেকে। সবার অনুদানে হয়েছে পাঁচ শয্যার কোভিড ডেডিকেটেড আইসিইউ।
করোনা রোগীর জন্য বড় ভয় শ্বাসকষ্টের। জটিলতা বাড়লেই দিতে হবে উচ্চ চাপের অক্সিজেন। নিতে হবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সুবিধাটা ছিল না মৌলভীবাজার জেলার কোথাও। বিষয়টি ভাবাচ্ছিল শাব্বির হোসেন খানকে। মাথায় আসে, আইসিইউ শয্যা নাই–বা থাকুক। কিছু টাকা জোগাড় করতে পারলে হাই ফ্লো নাজাল ক্যানুলা (এইচএফএনসি) তো কেনা যাবে। পুরো আইসিইউ সুবিধা না দিতে পারলেও উচ্চ চাপের অক্সিজেন পাবেন রোগী। ছুটতে হবে না সিলেট, ঢাকা বা অন্য কোথাও।
স্রেফ এই চিন্তা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি শাব্বির হোসেন। মৌলভীবাজার জেনারেল হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার স্থাপনে সবার সহযোগিতা চান। সেই আবেদনে সাড়া মেলে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছ থেকে। সবার আন্তরিকতায় ছয় শয্যার পূর্ণাঙ্গ আইসিইউ প্রস্তুত হয়েছে ওই হাসপাতালে। দুর্যোগের এই সময়ে অনেকের জীবন রক্ষায় বড় ভূমিকা রেখেছে সম্পূর্ণ বেসরকারি এই উদ্যোগ।
জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক চিকিৎসক বিনেন্দু ভৌমিক প্রথম আলোকে বলেন, আইসিইউতে বিরাট উপকার হচ্ছে। যেসব রোগী শেষ পর্যায়ে থাকেন, বেশি অক্সিজেন লাগে। তাঁদের প্রয়োজন হয় হাই ফ্লো নাজাল ক্যানুলার। বেসরকারি উদ্যোগে সেই ব্যবস্থা হয়েছে। অনেকেই এগিয়ে এসেছেন। এ রকম উদ্যোগ আরও দরকার।
হাসপাতাল কর্তৃপক্ষ ও উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্যোগটি গত বছরের মাঝামাঝি সময়ের। দেশে তখন করোনার ভয়াল থাবা বাড়ছিল। করোনায় সংক্রমিত গুরুতর রোগী একের পর এক আসছিলেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। আইসিইউ সুবিধা না থাকায় তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছিল সিলেট, ঢাকা বা অন্য কোথাও। সেসব স্থানে পৌঁছাতে পৌঁছাতেই রোগীর অবস্থা আরও খারাপ; কখনোবা পথেই মৃত্যু। আইসিইউতে পৌঁছানো বা মৃত্যুর আগপর্যন্ত অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকেন রোগী।
চোখের সামনে এসব দৃশ্য ভেসে ওঠে বিএমএ জেলা শাখার সভাপতি চিকিৎসক শাব্বির হোসেনের। তিনি নিজের ফেসবুকে পোস্ট দিতেই সাড়া দেন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই। এতে আগ্রহ পেয়ে তিনি কথা বলেন স্থানীয় সাংসদ নেছার আহমদ, পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ বিভিন্নজনের সঙ্গে। এক সপ্তাহের মধ্যেই গঠন করা হয় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটি। শাব্বির হোসেন নিজে সভাপতি হন, সদস্যসচিব হন উদ্যোক্তা ও ব্যবসায়ী সুমন আহমদ। কমিটিতে ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমানকে কোষাধ্যক্ষ এবং বিএমএ সাধারণ সম্পাদক চিকিৎসক শাহজাহান কবীর চৌধুরী ও ব্যবসায়ী হাসিব হোসেন খানকে করা হয় সদস্য। উপদেষ্টা হন মৌলভীবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও বিএমএর সাবেক সভাপতি এম এ আহাদ, চিকিৎসক আবু রায়হান, চিকিৎসক আবদুল্লাহ আল মারূফ, চিকিৎসক এ বি এম নিজাম উদ্দীন এবং চিকিৎসক এনামুর রশীদ। চিকিৎসক, ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ এগিয়ে আসায় টাকার সংস্থান হতে থাকে। অনেক প্রতিষ্ঠান বিভিন্ন চিকিৎসাসামগ্রী নিয়েও এগিয়ে আসে। কমিটি তখন পূর্ণাঙ্গ আইসিইউ স্থাপনে আশাবাদী হয়ে ওঠে।
মৌলভীবাজার জেনারেল হাসপাতালে আইসিইউর জন্য কক্ষ ছিল। কিন্তু কক্ষটি আইসিইউ করার মতো উপযোগী ছিল না। বিশেষজ্ঞদের পরামর্শে গণপূর্ত বিভাগের মাধ্যমে কক্ষটি প্রস্তুত করা হয়। বিভিন্নজনের অনুদানে গত বছরের ২০ আগস্ট ১২টি মেগাসিলিন্ডার নিয়ে তৈরি মেনিফোল্ড অক্সিজেন প্ল্যান্ট, তিনটি সেমি-অটো এইচএফএনসি যন্ত্রসহ আইসিইউর প্রয়োজনীয় সব সুরক্ষাসামগ্রী কেনা হয়। সেগুলো দিয়ে হাসপাতালে চালু হয় ৬ শয্যার কোভিড ডেডিকেটেড আইসিইউ। এই ঘটনা ছিল জেলাবাসীর জন্য বড় একটি আশাজাগানিয়া খবর। আইসিইউ থেকে এ পর্যন্ত দেড় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। অনেকেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন নতুন জীবনে।