একটু চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট
মুঠোফোনে যোগাযোগ করে ব্যবহৃত মোটরসাইকেল কিনতে এক দোকানে যান এক ব্যক্তি। একটু চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেলটি নিয়ে যান তিনি। এরপর আর আসেননি। গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের গাংনী পৌর শহরে এ ঘটনা ঘটেছে।
গাংনী পৌর শহরের হাসপাতাল বাজার এলাকায় মোটরসাইকেল মেরামত ও ব্যবহৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের দোকান আতিয়ার সার্ভিস সেন্টার। এর মালিক আতিয়ার রহমান বলেন, মুঠোফোনে যোগাযোগ করে এক ব্যক্তি শনিবার বিকেলে দোকানে আসেন। তিনি মোটরসাইকেলের কাগজপত্র দেখেন। দামদরও ঠিক হচ্ছিল। এ সময় তিনি মোটরসাইকেলটি চড়ে দেখার কথা বলে বেরিয়ে পড়েন। এদিকে অনেক সময় পেরিয়ে গেলেও মোটরসাইকেল নিয়ে ওই ব্যক্তি ফিরে আসেননি। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এরপর রাত আটটায় তিনি গাংনী থানায় মোটরসাইকেল হারানোর অভিযোগ করেন।
দোকানটি কর্মচারী মহন মিয়া বলেন, মোটরসাইকেল কিনতে আসা ব্যক্তির পোশাক-আশাক মার্জিত ছিল। তাঁর কথাবার্তাও সাবলীল ছিল। এ কারণে কেউ সন্দেহ করতে পারেনি। এভাবে দিনের বেলায় দোকান থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবে কেউ ভাবতে পারেনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল হারানোর লিখিত অভিযোগ পাওয়া গেছে। শহরের বিভিন্ন দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে তাঁকে শনাক্তের চেষ্টা চলছে।