‘একটু সাইয্য পাইলে ভালা হইত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সদর উপজেলার ঘোপাল গ্রামে কলাগাছের ভেলায় করে চলাফেরা করছেন পঞ্চাশোর্ধ্ব ছোট বিবি। তাঁর বাড়িঘর বন্যায় তলিয়ে গেছে
ছবি: প্রথম আলো

ডুবে আছে রাস্তাঘাট। গ্রামও হয়েছে প্লাবিত। বাড়িঘরের ভেতরে ঢুকেছে পানি। এ চিত্র সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল গ্রামের। সুরমা নদীর তীরবর্তী গ্রামটির বেশির ভাগ মানুষ কৃষক, দিনমজুর, রিকশাচালক, মৎস্যজীবী কিংবা ব্যবসায়ী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি এ গ্রামে ঢুকেছে চার দিন আগে। এর পর থেকেই গ্রামের মানুষজন পানিবন্দী।

গতকাল বুধবার বিকেলে ঘোপাল গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব ছোট বিবি কলাগাছের ভেলায় চড়ে পার হচ্ছিলেন। ভেলাতে বসেই তিনি বলেন, গ্রামের প্রায় সাড়ে ৪০০ পরিবার আছে। এর মধ্যে অধিকাংশ পরিবারই নিম্নবিত্ত। গ্রামে কারও কোনো নৌকা নেই। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে সবাই কলাগাছের ভেলা বানিয়েই জরুরি প্রয়োজনে চলাফেরা করছে।

ছোট বিবির স্বামী আনিস আলী (৬২) পেশায় দিনমজুর। তাঁদের সাত মেয়ে ও এক ছেলে। বন্যার কারণে তাঁর স্বামী আয়হীন হয়ে পড়েছেন। অথচ পরিবারে তিনিই একমাত্র কর্মক্ষম মানুষ। এ অবস্থায় খাবারসংকটে পড়েছেন তাঁরা। ঘরের ভেতরে পানি ওঠায় কাঠের টেবিল দিয়ে বানানো মাচার ওপরই রাত কাটাচ্ছেন তাঁরা। দিনের বেলা বাড়ির পাশের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে সময় কাটান। পানিবন্দী অবস্থায় দিন কাটালেও তাঁরা সরকারি কোনো ত্রাণসুবিধা পাননি বলে জানালেন।

ঘোপাল গ্রামের পাশেই টুকেরগাঁও গ্রাম। এ গ্রামের দক্ষিণে সুরমা নদী আর উত্তরে গ্রামের শরীর ঘেঁষেই চলে গেছে সিলেট-সুনামগঞ্জ সড়ক। গ্রামবাসীদের ভাষ্য, এ গ্রামে প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় আশ্রয়হীন হয়ে পার্শ্ববর্তী উঁচু কোনো বাড়ি অথবা রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। যাঁরা বাড়িতে আছেন, তাঁরা বানের পানিতে ভেসে আসা সাপ, জোঁক ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রবে আতঙ্কে আছেন।

টুকেরগাঁও গ্রামের বাসিন্দা হাবিবা বেগম (৩৫) তিন সন্তান ও স্বামী নিয়ে দুর্ভোগে পড়েছেন। তাঁদের ঘরে পানি উঠে যাওয়ায় পাশের এক বাড়িতে তাঁরা সপরিবার আশ্রয় নিয়েছেন। নিজের একটি গরু আছে হাবিবাদের। সেটিকে তিনি প্রতিবেশীর উঁচু একটা বাড়িতে বেঁধে রেখেছেন। হাবিবা জানান, তাঁর স্বামী পেশায় জেলে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় তাঁর স্বামী কর্মহীন হয়ে পড়েছেন।

হাবিবা বেগম বলেন, ‘ঘর পানিত ডুবি গেছে। পাশের এক প্রতিবেশীর বাড়িত আমরা উঠছি। বাচ্চার বাপের রুজিরোজগার বন্ধ অই গেছে। ঋণ কইরা চলতাছি। ঋণ কইরাই খাইতাছি। দুই মাসের একটা বাইচ্চা আছে। বাইচ্চাটাও অসুস্থ। ডাক্তারের কাছে গিয়া একটু ওষুধ আনছি। আবার যে ডাক্তারের কাছে যাইতাম, এই টাকাপয়সাও নাই। একটু সাইয্য পাইলে ভালা হইত। পানি নামি গেলে যে ঘরদুয়ার ঠিক করাইমু, এই টাকাও তো নাই। ঘর মেরামত না করলে তো ঘরদুয়ারে রইতেও পারতাম নায়।’