একরাতে দুটি বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনায় বর ও কনের বাবাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নেওয়া হয় মুচলেকাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে বিয়ে দুটি বন্ধ করেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানাসহ আনসার বাহিনীর সদস্যরা।
এ উপজেলা বাল্যবিবাহমুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পৌর এলাকায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর (১২) বাল্যবিবাহের আয়োজন চলছিল। এ খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর ও কনের বাবাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের বাবাকে বোঝানো হয়। তিনি প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
রাত আটটার দিকে পৌরসভার আরেকটি এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। এখানে বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। কনের বাবা মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
ইউএনও আনিসুর রহমান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, এ উপজেলা বাল্যবিবাহমুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। অভিভাবক, বিশেষ করে বাবা-মাকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।