চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের (এনসিটি) চারটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। এর ফলে এখন থেকে একসঙ্গে বন্দরের ১২টি জেটিতে জাহাজ ভিড়তে পারবে। আগে ১০টি জেটিতে জাহাজ ভিড়ত।
গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নিউমুরিং টার্মিনালের ১ নম্বর জেটিতে বেলুন উড়িয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে।
উদ্বোধনের পর ২ নম্বর জেটিতে মায়ের্সক লাইনের একটি জাহাজ থেকে কনটেইনার নামানো হয়। এই টার্মিনালে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন না থাকায় সনাতন পদ্ধতিতে (জাহাজের ক্রেনের সাহায্যে) কনটেইনার ওঠানো-নামানোর কাজ চলবে।
দরপত্রের মাধ্যমে দুই বছরের জন্য টার্মিনালটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ২ ও ৩ নম্বর জেটি এককভাবে সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করবে। টার্মিনালের ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে রয়েছে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মালিকানাধীন প্রতিষ্ঠান এম এইচ চৌধুরী লিমিটেড ও নোয়াখালী সদর আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর মালিকানাধীন এ অ্যান্ড জে ট্রেডার্স।
গতকাল উদ্বোধন হওয়া চারটি জেটির মধ্যে দুটি জেটিতে ২০০৭ সালের ১৬ মে থেকে সাইফ পাওয়ারটেক লিমিটেড কনটেইনার ওঠানো-নামানোর কাজ করে আসছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ সামশুল হক চৌধুরী ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।