একসঙ্গে জন্ম দুজনের, মৃত্যুও একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জমজ দুই ভাই হলো আবদুল্লাহ ও আবদুর রহমান। তাদের বয়স তিন বছর। তারা উপজেলার আলোনিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বাবা জসিম উদ্দিন বলেন, সকালে তার জমজ সন্তানেরা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। তবে কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন বাড়ির লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন স্বজনেরা। দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী বলেন, জমজ দুই ভাইকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।