একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের আরেকটি মারা গেল
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের আরেকটি মারা গেছে। এ নিয়ে তিন নবজাতকের মৃত্যু হলো। বেঁচে থাকা একমাত্র নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা মজুমদার বলেন, আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এক নবজাতক মেয়ে মারা যায়। এর আগে এক নবজাতক ছেলে ও এক নবজাতক মেয়ের মৃত্যু হয়।
বিয়ের আট বছর পর ২২ মার্চ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান ও আদুরী বেগম দম্পতি চার সন্তানের মা-বাবা হন। চার নবজাতকের তিনটি মেয়ে ও একটি ছেলে। জন্মের ১৬ ঘণ্টা পর ছেলে নবজাতকের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার মারা যায় এক মেয়ে নবজাতক, আজ সকালে মারা যায় আরেক মেয়ে নবজাতক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ফারহানা ইয়াসমিন বলেন, গর্ভধারণের আট মাসে এই চার নবজাতকের জন্ম হয়। এর মধ্যে ছেলেসহ তিন নবজাতকের ওজন কম ছিল।