একসঙ্গে তিন ভাইবোন পেলেন জিপিএ-৫
ভোলার দৌলতখান পৌরসভার একই পরিবারের তিন ভাইবোন এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। তাঁরা হলেন মিয়াদ হাসান ওরফে সান, মেহেদি হাসান ও মুশফিকা জাহান ওরফে মুন। তাঁদের জন্ম একই দিনে। মিয়াদ ও মেহেদি পাস করেছেন ভোলার দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে এবং তাঁদের বোন মুশফিকা জাহান পাস করেছেন ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। এই তিনজনের বাড়ি দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
এই তিন ভাইবোনের অভিভাবক ও শিক্ষকেরা বলেন, তিন ভাইবোন এবারই প্রথম জিপিএ-৫ পাননি। এর আগে ২০১৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায়, ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায়ও তাঁরা জিপিএ-৫ পেয়েছিলেন।
মিয়াদ, মেহেদি ও মুশফিকার বাবা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও মা বিবি ফাতেমা বলেন, সন্তানদের সাফল্য অর্জন ও স্বপ্নপূরণে নিরলস চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। তাঁদের সব স্বপ্নই তিন সন্তানকে ঘিরে। সন্তানদের জন্য সবার দোয়া চেয়েছেন তাঁরা।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাইবোনের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার খবর শুনে তিনি আনন্দিত হয়েছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁদের কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি।