একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন রাশিদা
সাতক্ষীরায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন রাশিদা খানম (২৭) নামের এক নারী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের ফারজানা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই নবজাতকদের জন্ম হয়। এর মধ্যে দুটি কন্যা ও একটি পুত্রসন্তান।
রাশিদা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের রাজু ইসলামের স্ত্রী।
সিজারের মাধ্যমে দুটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান জন্ম হয়।
ওই ক্লিনিকের চিকিৎসক শাহীনা ফারজানা জানান, রাশিদা খানমকে আজ সকাল সাড়ে নয়টার দিকে তাঁদের ক্লিনিকে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গেলে সিজারের মাধ্যমে তাঁর দুটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান জন্ম হয়। নবজাতক তিনটির অক্সিজেন-সংকট দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ রয়েছে।
রাশিদার ভাই ইজিবাইকচালক বাবুর আলী জানান, তাঁর বোন রাশিদার চার বছরের এক ছেলে রয়েছে। এবার আরও তিন সন্তান হলো। তাঁর পরিবারের লোকজন খুশি।