একসময় নারীরাই তাঁদের যোগ্যতায় রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠবেন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর শর্ত অনুযায়ী ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার কথা বলা হলেও তা হয়নি। এ বিষয়ে প্রথম আলো কথা বলে অধ্যাপক শাহ সাজেদার সঙ্গে। তিনি দীর্ঘদিন বরিশাল ব্রজমোহন কলেজে অধ্যাপনা করেছেন। অবসর গ্রহণের পর তিনি বরিশালে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। বর্তমানে তিনি সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

প্রথম আলো: রাজনৈতিক দলগুলোর কার্যনির্বাহী কমিটিগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক নারী নেতৃত্ব নিশ্চিত করা যায়নি কেন?

শাহ সাজেদা: যে সমাজে নারী ও পুরুষ নিজেদের জীবন গঠন ও সমাজে অবদান রাখার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান, সেই সমাজের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এ জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের জীবনমান উন্নয়নে নারী-পুরুষ উভয়ের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকা জরুরি। আমাদের দেশে নানা ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু নারীর অগ্রগতিকে টেকসই ভিত্তি দিতে গেলে রাজনৈতিক সিদ্ধান্ত মুখ্য। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক দলের ভেতরে নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের প্রয়োজনীয় উপস্থিতি নেই। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব যেমন আছে; পুরুষতান্ত্রিক মনোভাব, পরিবার ও সমাজে নারীদের মর্যাদার ঘাটতিও বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে।

প্রশ্ন :

প্রথম আলো: আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো নারীদের এই অধিকার প্রদানে আন্তরিক হবে?

শাহ সাজেদা: দেশে নারীদের আজকের যে অগ্রগতি, এটা দীর্ঘ সংগ্রামের ফল। এটা খুব সহজে আসেনি। আমরা মনে করি, ৩৩ শতাংশ নারীর রাজনৈতিক দলে অংশগ্রহণ একসময় অপরিহার্য হয়ে উঠবে। কারণ, শিক্ষা, জ্ঞানচর্চা, প্রযুক্তি, উদ্ভাবনসহ সব ক্ষেত্রেই নারীরা আজ পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছেন। এই যে অগ্রগতি, সেখানে কিন্তু তাঁদের প্রতিবন্ধকতাকে কেউ ঠেকাতে পারছে না। আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী। তাঁদের অন্তর্ভুক্তি ছাড়া উন্নয়ন অসম্ভব। এমন সময় আসবে, যখন নারীরাই তাঁদের যোগ্যতায় রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠবেন। তবে নারীদেরও যোগ্যতর হিসেবে নিজেদের গড়ে তুলে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: রাজনীতিতে এখন নারীদের অংশগ্রহণের বিষয়টি আমাদের মনে আশা জাগায়?

শাহ সাজেদা: অগ্রগতি হলেও রাজনীতিতে নারীদের মর্যাদা বেড়েছে বলে মনে হয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, পদ পেলেই যে নারীরা এগিয়ে যাবেন, এমন নয়। সেখানে তাঁদের মর্যাদা থাকতে হবে। আমার মনে হয় না নারীদের মর্যাদা এখনো নিশ্চিত হয়েছে। আমরা যত দূর জানি, নির্বাচন কমিশনে পাঠানো তথ্য অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল গণফ্রন্টে ৩৩ শতাংশ নারী প্রতিনিধি আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ শতাংশের কম নারী নেতৃত্ব আছে। বিএনপির সব পর্যায়ের কমিটিতে ১৫ ভাগ নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপায় নারী নেতৃত্ব মাত্র ২০ শতাংশ। আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে (জেপি) নারী নেতৃত্ব ১৬ শতাংশ। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে সিপিবিতে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও জাসদে ১১ দশমিক ৯২ শতাংশ নারী নেতৃত্ব রয়েছে।

প্রশ্ন :

প্রথম আলো: এ ক্ষেত্রে কী করা দরকার?

শাহ সাজেদা: এ ক্ষেত্রে দরকার পারিবারিক সহযোগিতা, নারীদের যোগ্যতর হিসেবে নিজেকে গড়ে তোলা, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা।