একসূত্রে গাঁথবে অর্থনীতিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মইনুল ইসলাম

পদ্মাসেতু শুধু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অপেক্ষাকৃত বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের অর্থনৈতিক লাইফলাইনের সঙ্গে সংযুক্ত করবে না, এটা পুরো অর্থনীতিকে আক্ষরিক অর্থে একসূত্রে গাঁথার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ও অনুঘটক হিসেবে কাজ করবে। এটা শুধু যোগাযোগ বা কানেক্টিভিটির দৃষ্টিকোণ থেকে বলছি না, এটা ঢাকা থেকে মাওয়া-জাজিরা-ভাঙা-পায়রা-কুয়াকাটা-যশোর-খুলনা-মোংলা পর্যন্ত সুবিস্তৃত একটি ‘ইকোনমিক করিডর’ হিসেবে দেশের অর্থনীতির দ্বিতীয় সর্বোত্তম লাইফলাইনের ভূমিকায় অবতীর্ণ হতে মোটেও সময় নেবে না।

শিল্পায়নে দেশীয় এবং বৈদেশিক পুঁজি আকর্ষণে ঢাকা-কুমিল্লা-মিরসরাই-চট্টগ্রাম-আনোয়ারা-মাতারবাড়ী-কক্সবাজার-টেকনাফের মতো আরেকটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে এই ইকোনমিক করিডোরের এক দশকও লাগবে না। কারণ মোংলা ও পায়রা বন্দর দুটোর সামুদ্রিক যোগাযোগসুবিধা ২০২২ সালেই পেয়ে যাওয়ার পাশাপাশি নির্মীয়মাণ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর থেকেও দূরত্বের দিক থেকে এই করিডর বেশি ‘কস্ট-ইফেক্টিভ’ হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরন্তু, আন্তদেশীয় অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যদি ভবিষ্যতে গতি সঞ্চারিত হয়, তাহলে এই করিডর ঢাকা-চট্টগ্রাম করিডরের চেয়ে অনেক বেশি সুবিধাজনক বলে বিবেচিত হবে। এমনকি ঢাকামুখী অভিবাসনস্রোত নিরসনেও উল্লিখিত করিডোর তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

২০১২ সালের ৩০ জুন বিশ্ব ব্যাংক যখন সেতু নির্মাণে বরাদ্দ ১.২ বিলিয়ন ডলারের ঋণ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল, তার পরপরই ২০১২ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কলামে বাংলাদেশের অর্থনীতিবিদদের মধ্যে আমিই প্রথম ওই সিদ্ধান্তকে ‘শাপেবর’ আখ্যা দিয়েছিলাম। ওই লেখায় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা যে বাংলাদেশের রয়েছে, তা যুক্তিসহকারে ব্যাখ্যা করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই সাহসী সিদ্ধান্ত গ্রহণের¯জন্য আকুল আহ্বান জানিয়েছিলাম। আমি গর্বভরে স্মরণ করছি যে ওই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই দেশি-বিদেশি বিশেষজ্ঞ-পণ্ডিতদের সতর্কতবাণী এবং রাজনৈতিক প্রতিপক্ষের কটুবাক্যকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত ঘোষণা করে সারা বিশ্বকে বিমোহিত করেছিলেন। তাঁর ওই সিদ্ধান্ত বাংলাদেশের আত্মনির্ভর অর্থনীতি বিনির্মাণের ইতিহাসের সবচেয়ে সাহসী মাইলস্টোন হিসেবে ইতিমধ্যেই অভিহিত হয়েছে। তাঁকে অজস্র অভিনন্দন।

২০১২ সালের ৩০ জুন বিশ্ব ব্যাংক যখন সেতু নির্মাণে বরাদ্দ ১.২ বিলিয়ন ডলারের ঋণ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল, তার পরপরই ২০১২ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কলামে বাংলাদেশের অর্থনীতিবিদদের মধ্যে আমিই প্রথম ওই সিদ্ধান্তকে ‘শাপেবর’ আখ্যা দিয়েছিলাম।

যেসব পণ্ডিত ও বিশেষজ্ঞ ওই সময় মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে হঠকারি বলে উড়িয়ে দিয়েছিলেন, তাঁদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশকে যে এখন ‘ইমার্জিং টাইগার’ অভিহিত করা হচ্ছে, তার ভিত্তি কি ওই পরম সাহসী পদক্ষেপ স্থাপন করেনি? ওই সিদ্ধান্ত গ্রহণের পর এক বছরের জন্যও কি দেশের প্রবৃদ্ধি শ্লথ হয়েছে? দেশের ব্যালেন্স অব পেমেন্টস ওই সিদ্ধান্তের কারণে এক বছরও কি সংকটাপন্ন হয়েছে? দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চমকপ্রদ প্রবৃদ্ধি কি একবারও ব্যাহত হয়েছে? বিশ্বের কাছে জাতির মিসকিনসুলভ পরনির্ভরতা এবং ইমেজের সংকট—ওই এক সিদ্ধান্তেই চিরতরে বদলে গেছে। বিদেশি ‘বড় ভ্রাতাদের’ প্রভুত্বকামী নিয়ন্ত্রণ বহাল রাখার প্রয়াসকে ছুড়ে ফেলার সবচেয়ে সাহসী পদক্ষেপও ছিল ওই সিদ্ধান্ত।

সরকারের সেতু বিভাগের সচিব ১১ ডিসেম্বর দাবি করেন, পদ্মা সেতুর ফলে দেশের জিডিপি বাড়বে ১.২৬ শতাংশ এবং দেশের দক্ষিণ-পশ্চিমাংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে ২ শতাংশ। নিশ্চয়ই তিনি কোনো গবেষণার ভিত্তিতে এমন দাবি করেছেন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, তবে এই সেতু দেশের অর্থনৈতিক উন্নয়নের নানা ডাইমেনশনে যে চমকপ্রদ গতিশীলতার সঞ্চার করবে, তা নিশ্চিতভাবেই বোঝা যায়। প্রবৃদ্ধির পাশাপাশি দেশের আঞ্চলিক বৈষম্য দ্রুত নিরসনে এই সেতু অভূতপূর্ব অবদান রাখবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জীবন ও জীবিকা গত কয়েক দশকে বারবার সাইক্লোন, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, লবণাক্ততা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে যে দুর্দশার কবলে পতিত হয়েছে, এই সেতুর অর্থনৈতিক সুফল পেয়ে অঞ্চলটি তা থেকে মুক্তি পেয়ে পুনরুজ্জীবিত হবে। এর গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।

ড. মইনুল ইসলাম, অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়