একাই করোনার সাড়ে ৩ হাজার নমুনা সংগ্রহ করেছেন তিনি

করোনার নমুনা সংগ্রহ করছেন নন্দ দুলাল সরকারসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ৫টি উপজেলায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১০৩টি। এর মধ্যে নন্দদুলাল সরকার একাই সংগ্রহ করেছেন প্রায় সাড়ে তিন হাজার নমুনা। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।
নন্দদুলালের বাড়ি টাঙ্গাইলের মীর্জাপুরে। ২০১২ সালের আগস্ট মাস থেকে তিনি রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। দুই সন্তান ও স্ত্রী নিয়ে তাঁর সংসার।

নন্দদুলাল সরকার এই প্রতিবেদককে বলেন, ‘প্রথম প্রথম খুব ভয় পেতাম। নমুনা সংগ্রহ করার সময় মাথা ঢেকে নিতাম। এমনকি পায়ের পাতাও পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতাম। তারপর নমুনা সংগ্রহ করতাম। আগের সেই ভয় কেটে গেছে। এখন আর কোনো ভয় করে না। স্বচ্ছন্দে নমুনা সংগ্রহ করি। আমি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হইনি। মানুষের সেবা করতে পারছি, এটা ভেবে মন ভালো হয়ে যায়।’

নন্দ দুলাল সরকার
প্রথম আলো

এই মেডিকেল টেকনোলজিস্ট বলেন, ‘আমার ছোট ছেলে সিদ্ধার্থের বয়স আড়াই বছর। সে করোনায় আক্রান্ত হয়। এতে খুব ভেঙে পড়েছিলাম। কারণ, হাসপাতালে জনবল কম। খাতাপত্র বাড়ি নিয়ে যেতে হয়। ছেলে ছোট। সে খাতাপত্র দেখে। হাত রাখে। তবে ছেলেটি সুস্থ আছে। বড় ধরনের শারীরিক কোনো সমস্যা হয়নি। আর আমরাও শুরু থেকেই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছি। সাধ্যমতো ভালো খাবার খাওয়ার চেষ্টা করছি। মনোবল শক্ত রাখছি।’

হাসপাতালে পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা ছিল জানিয়ে আক্ষেপ প্রকাশ করেন নন্দদুলাল। তিনি বলেন, ‘আছি আমি একা। আরেকজনকে প্রেষণে আনা হয়েছে। এরপর আবার ভিআইপি ব্যক্তিরা করোনার নমুনা সংগ্রহ করার জন্য বিভিন্ন সময় সুপারিশ করেন। এ সময় তাঁরা একসঙ্গে অনেককে পাঠান। কিন্তু দেখা যায়, ওই সময় অনেক মানুষ আগে থেকে সিরিয়াল দিয়ে বসে আছেন। এসব ক্ষেত্রে আমাদের করার কিছুই থাকে না। সিরিয়াল ভাঙতে হয়। এতে নিজের কাছে খুব কষ্ট হয়।’

রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, জেলার প্রতিটি হাসপাতালেই জনবলসংকট রয়েছে। এটি একটি পুরোনো বিষয়। তবে নন্দদুলাল প্রথম থেকেই করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি একজন দক্ষ ও কাজের ক্ষেত্রে আন্তরিক ব্যক্তি। তাঁর সংগৃহীত নমুনার অধিকাংশই পজিটিভ এসেছে। এত নমুনা সংগ্রহ করার পরও তিনি আক্রান্ত হননি। তিনি আক্রান্ত হলে আমাদের নিয়মিত প্রক্রিয়ায় অনেক হিমশিম খেতে হতো।


রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১০৩টি। রাজবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫১ জন।