একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে অভিযোগ সাংসদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কবিরুল হক নড়াইল সদর এবং কালিয়া পৌরসভা নির্বাচনে দল-মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছেন। অভিযোগ আছে, তাঁর ইন্ধনে ওই দুই পৌরসভায় মোট আটজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কবিরুল হক বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন। তাঁর নির্বাচনী এলাকা কালিয়া পৌরসভার একজন বিদ্রোহী প্রার্থীর হয়ে তিনি নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তবে সাংসদ কবিরুল এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে দেখা গেছে, নড়াইল সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস। সেখানে দলের আরও চারজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, মহিলা লীগ নেত্রী আঞ্জুমান আরা এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
কালিয়া পৌরসভায় দলীয় প্রার্থী ওয়াহিদুজ্জামান। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চারজন। তাঁরা হলেন মুশফিকুর রহমান ফকির, শেখ লায়েক, সোহেলি পারভীন ও এমদাদুল হক (বর্তমান মেয়র)।
নড়াইলের দুটি আসনের মধ্যে সদর আসনের সাংসদ ওয়ার্কার্স পার্টির। কবিরুল হক জেলার একমাত্র আওয়ামী লীগের সাংসদ। আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, কেন্দ্রীয় নির্দেশ অনুসারে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটের মধ্যে পাঁচটি ভোট পান জাহাঙ্গীর বিশ্বাস। আর কেবল সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকের ভোট পান সোহরাব বিশ্বাস।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ৪ ডিসেম্বর রাতে কালিয়া উপজেলার চাচুরী ইউপি চেয়ারম্যান লুত্ফুর রহমানের বাড়িতে কবিরুল হক সদর পৌরসভার চার ও কালিয়া পৌরসভার তিন বিদ্রোহী প্রার্থী নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে জেলা আওয়ামী লীগের সাবেক দুই সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সিদ্দিক আহমেদ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘কবিরুল হক (মুক্তি) আওয়ামী লীগ নয়, নড়াইলে মুক্তি লীগ বানাতে চান। তিনি নেত্রীর (শেখ হাসিনা) সিদ্ধান্ত মানতে চান না। দুই পৌরসভায় ঝামেলা সৃষ্টির নেপথ্যনায়ক। তাঁর কারণেই এতগুলো বিদ্রোহী প্রার্থী।’
নড়াইল সদর পৌরসভার আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস প্রথম আলোকে বলেন, বিদ্রোহী প্রার্থীদের মাঠে নামিয়েছেন সাংসদ কবিরুল। দলের কেউ তাঁর সঙ্গে দ্বিমত করলে তিনি তাঁর বিরুদ্ধে লেগে যান।
এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কবিরুল হক প্রথম আলোকে বলেন, ‘নড়াইল আওয়ামী লীগের দুইটা গ্রুপ। একটা জেলা সভাপতি সুবাস বোস ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খানের। অন্যটা আমার। আমার অনুসারীরা যদি মুক্তি লীগ হয়, তাহলে অন্যটা কি সুবাস-নীলু লীগ?’
বিদ্রোহী প্রার্থীদের মাঠে নামানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংসদ কবিরুল বলেন, ‘এদের নামিয়ে আমার লাভ কী? এসব কাল্পনিক কথা। আমার সঙ্গে কারও সম্পর্ক নেই।’ তাঁর নির্বাচনী এলাকায় চারজন বিদ্রোহী প্রার্থী কেন জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন দলীয় রূপ পেতে আরও সময় লাগবে। বংশ, গোত্র ও আঞ্চলিকতা নিয়ে প্রার্থীরা দাঁড়িয়ে গেছেন।’ বিদ্রোহীদের নিয়ে বৈঠক করার কথাও তিনি অস্বীকার করেন।
নড়াইল সদর পৌরসভায় বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান মেয়র জুলফিকার আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলের অন্য কেউ মনোনয়ন চাননি। আমি চেয়েছিলাম, এবার অন্য কেউ নির্বাচন করুক। কিন্তু কেউ রাজি হয়নি।’
কালিয়া পৌরসভায় বিএনপির মনোনয়ন পেয়েছেন ওয়াহিদুজ্জামান। তবে এ পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন একরাম রেজা। একরাম বলেন, জেলা বিএনপির সভাপতি ষড়যন্ত্র করে তাঁকে মনোনয়নবঞ্চিত করেছেন। বিএনপির সব নেতা-কর্মী তাঁর সঙ্গে বলে তিনি দাবি করেন।