একুশে গ্রন্থমেলা নিয়ে লেখকদের ১০ প্রস্তাব
অমর একুশে গ্রন্থমেলা আসন্ন। হাতে সময় দুই মাসেরও কম। গ্রন্থমেলা সামনে রেখে লেখক-প্রকাশকের নিরাপত্তা আরও জোরদার, মেলার সময়সীমা বাড়ানোসহ ১০টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ লেখক ঐক্য।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যরা এসব প্রস্তাব দেন। লিখিত বক্তব্যে বলা হয়, অমর একুশে গ্রন্থমেলা কেবল একটি গ্রন্থমেলাই নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয় প্রকাশের প্রধানতম মাধ্যম। কাজেই এই মেলার উৎকর্ষের জন্য যা কিছু প্রয়োজন, তার সবটাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানকে করতে হবে। প্রস্তাবগুলো সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রাখাল রাহা।
এই ১০ প্রস্তাবের মধ্যে আছে লেখক ও প্রকাশকের নিরাপত্তা জোরদার করা। লেখকের পাওনা সম্মানী মেলা চলাকালীন পরিশোধ। বই বাজেয়াপ্ত কিংবা স্টল বন্ধ করার ব্যাপারে মেলা কর্তৃপক্ষের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ না করা। মেলাকে আন্তর্জাতিক চরিত্র দেওয়া। মেলা প্রাঙ্গণের মূল নকশা ও স্টল বিন্যাস সহজীকরণ করা। বইমেলা বন্ধের সময় রাত আটটার পরিবর্তে রাত নয়টা করা। মূল মেলা প্রাঙ্গণে ছোট কাগজের স্টলগুলো অন্তর্ভুক্ত করা, বই বিক্রিতে ছাড়ের হার বৃদ্ধি, ছোটদের কর্নার স্টল আরও আকর্ষণীয় এবং মূল মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে বিশুদ্ধ পানি ও স্বল্পমূল্যে চা-কফি ও হালকা খাবারের দোকান রাখা।
কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম বলেন, ‘মেলার সময় কমিয়ে এনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা, এটা কোনো নিরাপত্তাব্যবস্থা হতে পারে না। বইয়ের মূল ক্রেতারা সন্ধ্যা ছয়টার পরে মেলায় আসেন, সেখানে রাত আটটার মধ্যে মেলা বন্ধ করে দেওয়া কোনো বিবেচক সিদ্ধান্ত হবে না।’
সবশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ লেখক ঐক্যর কার্যকরী কমিটির সদস্যরা। সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, চঞ্চল আশরাফ, ফাহমিদুল হক প্রমুখ।