একুশে ফেব্রুয়ারি বসছে সপ্তম বর্ণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণমেলা
বর্ণমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে একুশে ফেব্রুয়ারি সপ্তমবারের মতো ‘বর্ণমেলা’র আয়োজন হতে যাচ্ছে। বাংলা বর্ণমালা, ভাষা ও ভাষাগত ঐতিহ্যের পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে এ মেলায়।
শিশু-কিশোরদের জন্য বাংলা বর্ণ নিয়ে নানামাত্রিক এই আয়োজন ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি রাজশাহীতেও ছড়িয়ে যাবে এবার। ঢাকায় বর্ণমেলা অনুষ্ঠিত হবে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে, চট্টগ্রামে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এবং রাজশাহীতে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।
বরাবরের মতো এবারও মেলায় শিশু-কিশোরদের জন্য থাকবে কিছু প্রতিযোগিতা। দশম শ্রেণি পর্যন্ত স্কুলপড়ুয়া যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। থাকবে চিত্রাঙ্কন ও হাতে লেখা প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়, হাতে লেখা প্রতিযোগিতা বেলা ১১টায়।
আর বর্ণ বানানোর প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে এখনই। এতে অংশ নিতে চাইলে সহজে নষ্ট হয় না, এমন যেকোনো বস্তু দিয়ে বর্ণ বানিয়ে পাঠিয়ে দিতে হবে প্রথম আলোর ঠিকানায়। এসব বর্ণ দিয়েই আয়োজন করা হবে প্রদর্শনীর। তার জন্যও আছে পুরস্কার।
এসব প্রতিযোগিতা হবে তিন বিভাগে। তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ‘খ’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে ‘গ’ বিভাগের হয়ে। বর্ণ পৌঁছানোর শেষ সময় ২০ ফেব্রুয়ারি বেলা একটা।
বর্ণমেলায় ছোট্ট সোনামণিদের হাতেখড়ি নেওয়ার সুযোগ থাকে। আর এই হাতেখড়ি হবে আলোকিত মানুষদের হাতে। এসবের পাশাপাশি দিনব্যাপী বর্ণমেলায় থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন, যা এ প্রজন্মের সামনে ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরবে। দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
দিনব্যাপী বর্ণমেলায় থাকবে বর্ণ প্রদর্শনী, বর্ণ জাদুঘর, বর্ণ আড্ডা, বর্ণ ধাঁধা, বর্ণের বিবর্তন, বর্ণ আঁকা, খাবারে-কাপড়ে বর্ণ, নাগরদোলা, পাপেট শো, জাদু, গানসহ বর্ণ নিয়ে নানা আয়োজন। প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় সহযোগিতা করছে ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল।