‘একেকটি লাশ দাফনের গল্প চোখে জল এনে দেয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে দাফনের আগে গোসলের জন্য নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরের নবাববাড়ী চৌমুহনী এলাকায়
ছবি: এম সাদেক

কুমিল্লা নগরের প্রফেসর পাড়া এলাকার ভাড়া বাসায় গত বছরের ৩ জুন সন্ধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মাওলানা আবদুর রাজ্জাক। বাড়ির মালিক ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পরদিন সকাল ছয়টায় লাশ দাফন করতে ওই বাড়িতে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’–এর সদস্যরা। এরপর তালা ভেঙে মৃত ব্যক্তি ও তাঁর পরিবারকে উদ্ধার করেন। পরে নগরের দয়াপুর এলাকায় ওই ব্যক্তির বাড়িতে নিয়ে লাশ দাফন করা হয়।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের রাজারখলা গ্রামের তাহাজ্জুত বেগম (৬৭) করোনায় মারা যান। খবর পেয়ে দুপুরে রাজার খলা গ্রামে হাজির হন বিবেকের সদস্যরা। তাঁরাই পরে ওই নারীর দাফনের ব্যবস্থা করেন।

কুমিল্লায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনে এভাবেই এগিয়ে এসে প্রশংসা কুড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক। সংগঠনটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪০৫ জনের লাশ দাফন করেছে। কেবল মারা যাওয়া ব্যক্তিদের দাফন নয়, করোনাকালীন দুস্থ, অসহায় আট হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে। ৬৭০ জনকে অক্সিজেন সেবা দিয়েছে।

সংগঠনটির কার্যক্রম নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিবেক অসামান্য অবদান রেখে আসছে। করোনা মহামারিতে ওরা আসল কাজটি করছে। শেষ বিদায়ে কোথাও কোথাও স্বজন ও পরিবারের লোকদের দেখা না মিললেও বিবেক দরজায় কড়া নাড়ে। ওরা মহতী কাজ করছে। ওদের একেকটি লাশ দাফনের গল্প চোখে জল এনে দেয়। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ মোল্লার (টিপু) নেতৃত্বে চলছে এই মানবিক কর্মযজ্ঞ। ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক। মুসলিমদের লাশ দাফনের পাশাপাশি হিন্দু ও খ্রিষ্টধর্মাবলম্বীদের লাশ সৎকার করছে সংগঠনটি।

ইউসুফ মোল্লা জানান, গত বছরের মার্চে দেশের বিভিন্ন স্থান থেকে করোনায় মৃত্যুর খবর আসতে শুরু করে। ৩০ মার্চ বিকেলে কয়েকজনের সঙ্গে বসে আলোচনা করছিলেন, কুমিল্লা নগরে কেউ মারা গেলে কারা লাশ দাফন করবে? তখনই ১১ সদস্য নিয়ে বিবেক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই দলের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, মহিউদ্দিন হোসেন, সৈয়দ মেরাজ, আসিফ ইকবাল, মো. পাভেল, মো. রানা, মো. সুজন, সাইমুন রকি, ওসহাম রহমান, রবিউল আহমেদ ও আবদুল খালিদ। এরপর প্রথমে নগরের রাজবাড়ি এলাকায় করোনায় আক্রান্ত এক ইতালিপ্রবাসীর বাসায় খাবার, ওষুধ ও টেবিল ফ্যান কিনে দেন। এভাবেই তাঁদের কার্যক্রম শুরু হয়।

২০২০ সালের ১৭ মে রাত নয়টায় কুমিল্লা নগরের পুরাতন মৌলভীপাড়া দিঘির উত্তর পাড়ের নিজ বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সোনালী ব্যাংক কর্মকর্তা মাহাবুব এলাহী (৪১)। পরিবারের বড় ছেলে মারা যাওয়ার পর তাঁর মা ও অন্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরদিন ১৮ মে সকাল সাড়ে ১০টায় বিবেকের সদস্যরা উপস্থিত হয়ে লাশের গোসল করান। নিজেরা জানাজা পড়ে লাশ দাফন করেন। এরপর একে একে এক দিনে সর্বোচ্চ ৭টিসহ মোট ৪০৫ দাফন করেছেন বিবেকের সদস্যরা। শুরুতে কুমিল্লা নগরে এই কার্যক্রম শুরু হলেও পরে এটি জেলাজুড়ে করা হচ্ছে। এখন সংগঠনের সদস্য ৫১ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘আমার বাবা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বিবেকের সদস্যরা বাসা থেকে লাশ নামিয়ে গোসল করান। জানাজায় অংশ নেন।’ একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ফেরদৌস জাহান বলেন, ‘কুমিল্লা শহর থেকে বহুদূরে লাকসামে আমাদের গ্রামের বাড়িতে বাবার লাশ দাফন, গোসল করানো—সবই করেছেন ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিবেকের সদস্যরা। ওদের কর্মযজ্ঞ দেখে আমি অবাক।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিবেকের নিজস্ব গাড়ি, অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। ইউসুফ মোল্লা ঠিকাদার ও ব্যবসায়ী। তিনি তাঁর ও সহযোদ্ধাদের সহযোগিতা নিয়ে বিনা মূল্যে এই সেবা দিয়ে আসছেন। তাঁরা ছয়জন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন করেছেন। আটজন সনাতন ধর্মাবলম্বীকে ধর্মীয় রীতি অনুযায়ী সত্কার করেন। এ ছাড়া এক খ্রিষ্টধর্মাবলম্বীকেও সমাধিস্থ করেন।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক (সাক্কু) বলেন, বৈরী আবহাওয়া মাড়িয়ে মোল্লা টিপু (ইউসুফ মোল্লা টিপু) পুরো জেলায় করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন করে আসছেন। বিবেকের মাধ্যমে তাঁরা সেবা দিয়ে আসছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের পাশে যখন কেউ দাঁড়ায়নি, তখন বিবেক কাজ শুরু করে। এটা রাষ্ট্র ও সমাজ সব সময় মনে রাখবে।