একেবারে 'আগুন নিয়ে খেলা'
রাজশাহীর বাগমারার ঝিকড়া গ্রামের একটি মসজিদের আর্থিক হিসাবকে কেন্দ্র করে এক মাসে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ জন্য বিবদমান দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করছে। শেষমেষ বুধবার রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদের হিসাবের বিষয়টি ফয়সলা করেছেন।
রাজশাহীর বাগমারার ঝিকড়া গ্রামে বিবদমান দুই পক্ষের বাড়ি ও আশপাশে রাতের বেলা একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। স্থানীয় লোকজন এটাকে দুই পক্ষের 'আগুন নিয়ে খেলা' বলে মন্তব্য করেছেন। গ্রামের একটি মসজিদের আর্থিক হিসাবকে কেন্দ্র করে এক মাসে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ জন্য তারা পরস্পরকে দোষারোপ করছে। শেষমেষ বুধবার রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদের হিসাবের বিষয়টি ফয়সলা করেছেন।
রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সাজানো বলেই মনে হয়েছে। উভয়পক্ষই আগুন নিয়ে খেলছেন।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিকড়া গ্রামের রাজারামপুর পাড়া মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুইটি পক্ষের সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্বে দেন মসজিদ কমিটির সভাপতি নাজির উদ্দিনের বড় ভাই আফজাল হোসেন এবং অপর পক্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলতাফ হোসেন।
মসজিদ কমিটির কাছ থেকে আলতাফ হোসেনের নেতৃত্বে গ্রামের লোকজন আয়–ব্যয়ের হিসাব চান। হিসাব না পেয়ে তাঁরা গত জুলাই মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন। মসজিদ কমিটির সভাপতি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এই অভিযোগ জমা দেওয়ার পর থেকে আগুন লাগার ঘটনা ঘটতে থাকে বলে স্থানীয়দের ভাষ্য। তাঁরা বলছেন, আলতাফের পক্ষের জনৈক উছমান আলীর ঘরে রাতের বেলায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সপ্তাহখানিক পর আফজালের পক্ষের জমসেদ আলীর খড়ের পালায় রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ আগস্ট রাতে আফজালের বাড়ির লাড়কির স্তুপে আগুন লাগে। তাঁর দাবি, দরজা বন্ধ করে তাঁকে হত্যার জন্য ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তিনি অন্যপথে ঘর থেকে বের হয়ে আত্মরক্ষা করেছেন। এ নিয়ে তিনি আলতাফ হোসেনসহ তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
অপর দিকে এই ঘটনার দুই দিন পর ১৭ আগস্ট রাতে আলতাফের বাড়ি সংলগ্ন লাকড়ির ঘরে আগুন লাগে। এই ঘটনায় তিনি আফজালের পক্ষের নামে থানায় লিখিত অভিযোগ দেন।
আলতাফ হোসেন অভিযোগ করেন, মসজিদের আয়–ব্যয়ের হিসাব চাওয়ায় আফজাল হোসেন তাঁদের প্রতি ক্ষিপ্ত হন। তাঁরা এই বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ দিলে তাঁদের ফাঁসাতে নিজের বাড়ি ঘিরে আগুন ধরিয়ে দেওয়ার নাটক সাজিয়েছেন। এ ছাড়া তাঁদের বাড়িঘরেও আগুন লাগানো হয়।
আফজাল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে আগুনে পুড়িয়ে হত্যার জন্য প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িতে আগুন দিয়েছিলেন। সেটা থেকে বাঁচতে নিজেদের স্থাপনায় তাঁরা নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছিলেন। তবে মসজিদের আয়–ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে এসব ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকার করেন।
ঝিকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মানিক প্রামাণিক বলেন, রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সাজানো বলেই মনে হয়েছে। উভয়পক্ষই আগুন নিয়ে খেলছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, মসজিদের আয়–ব্যয়ের হিসাব নিয়ে গ্রামে দুইটি পক্ষের সৃষ্টি হয়। বুধবার রাতে ইউএনওর নেতৃত্বে উভয়পক্ষকে নিয়ে বসে এর সমাধান করা হয়েছে। মসজিদের যে পরিমাণ টাকা কমিটির কাছে ছিল তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বিরোধ মিটে যাবে বলে মন্তব্য করেন তিনি।