ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসপাতাল
এক্স-রে যন্ত্র ১৪ বছর ধরে বিকল, ভোগান্তি
গরিব রোগীদের বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে এক্স-রে করাতে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ৫০ শয্যার হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটি ১৪ বছর ধরে নষ্ট। অনেক চিঠি–চালাচালির পরে দুই বছর আগে নতুন একটি এক্স-রে যন্ত্র বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই এক্স–রে যন্ত্রও হাসপাতালে এসে পৌঁছায়নি। ফলে হাসপাতালে ভর্তি হওয়া হাজারও গরিব রোগী কম খরচে এক্স-রে করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে এক্স-রে করাতে তাঁদের কয়েক গুণ অর্থ খরচ করতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের একমাত্র এক্স-রে যন্ত্রটি (৫০ মেগা অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন) আনা হয়েছিল ২০-২৫ বছর আগে। ২০০৮ সালের ১১ জুলাই দুপুরে এক্স-রে করার সময় যন্ত্রটি বিকল হয়ে যায়। পরের বছর জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদার ও রক্ষণাবেক্ষণ কোম্পানি এশিয়া মেডের দুজন প্রকৌশলী এসে অনেক চেষ্টা করেও তা চালু করতে পারেননি।
গত বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, নষ্ট এক্স-রে যন্ত্রটি হাসপাতালের কুষ্ঠ কেন্দ্রের পূর্ব দিকের কক্ষে অযত্নে পড়ে আছে। যন্ত্রটির ওপর কুষ্ঠ কেন্দ্রের মালামাল রাখা।
হাসপাতালের তিনজন কর্মচারী প্রথম আলোকে বলেন, সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ২০১০ সালের ১৪ অক্টোবর ৩১ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত করার ঘোষণা দেন। ৫০ শয্যা হওয়ার পর হাসপাতালে নতুন বহুতল ভবনসহ ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। হাসপাতালের রোগীদের পথ্য ও ওষুধ সরবরাহও বেড়েছে। ২০১৯ সালের অক্টোবরে ৫০ শয্যার জনবল কাঠামোরও অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু ১৪ বছরে হাসপাতালটিতে এক্স-রে যন্ত্র এল না।
উপজেলার ভোমরাদহ ঘোড়াধাপ গ্রাম থেকে আসা রোগী সোলেমান আলী (৪৭) বলেন, পেটের ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনের একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৪০০ টাকা দিয়ে পেটের এক্স-রে করাতে হয় তাঁকে। অথচ হাসপাতালের এক্স-রে যন্ত্রটি চালু থাকলে হয়তো ৫০ টাকায় এক্স-রে করা যেত।
দৌলতপুর গ্রাম থেকে আসা ইজিবাইকচালক আবদুল কুদ্দুস (৫২) বলেন, বাতের ব্যথার কারণে বাঁ পায়ের হাঁটুর নিচের অংশটি এক্স-রে করাতে এসে জানতে পারেন, হাসপাতালের এক্স–রে যন্ত্র অনেক দিন ধরে নষ্ট। বাধ্য হয়ে ৪২৫ টাকা ফি দিয়ে ওয়াপদা গেটের সামনের ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করিয়েছেন। তিনি বলেন, ‘এক্স-রের টাকা দিতেই এক দিনের কামাই শেষ। চিকিৎসকের ৫০০ টাকা ফি তো আছেই। আমার মতো গরিবের কী দশা বোঝেন।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল শাখা-২-এর এক পরিপত্রে উপজেলা পর্যায়ের হাসপাতালে এক্স-রের জন্য পরীক্ষাভেদে ৫০ থেকে ৭০ টাকা ফি নির্ধারিত রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালে নতুন এক্স-রে যন্ত্র পাওয়ার জন্য গত এক যুগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক বরাবর অন্তত ১১টি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি।
এ বিষয়ে একাধিকবার চেষ্টা করেও ফোন না ধরায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল জব্বারের মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নূর নেওয়াজ প্রথম আলোকে বলেন, দুই বছর আগে পীরগঞ্জ হাসপাতালে একটি ২০০ মেগা অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন এক্স-রে যন্ত্র বরাদ্দের খবর জানানো হয়েছিল। পরে বরাদ্দপত্রও পাওয়া যায়। কিন্তু পীরগঞ্জ হাসপাতালে এখনো তা পৌঁছায়নি।