
নিউ এলিফ্যান্ট রোডে চৌরঙ্গী ভবনের ইউনিভার্সেল সুজ ক্রেতায় ঠাসা। কেউ বসে কেউ দাঁড়িয়ে। বাইরের চেয়ে দোকানের ভেতরে গরম বেশি। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র আছে, কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া জান্নাতুল তাহরিন এসেছে মা-বাবার সঙ্গে। একটি জুতা পছন্দ হতেই বাবা বলে উঠলেন, ‘যাক, এবার হলো।’ মা ওড়নার এক পাশ হাতে নিয়ে কপালের ঘাম মুছলেন, মুখে তৃপ্তির হাসি। মা-মেয়ের হাসি দেখে বাবা বললেন, ‘তিন মার্কেট ঘুরে তবেই মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা পাওয়া গেল।’
ঈদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। পোশাক-আশাক কেনার পর তার সঙ্গে মিলিয়ে জুতা কিনতে এখন ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটা শুরু হয় ছোটদের জামাকাপড় দিয়ে। তারপর বড়দের। অতঃপর পাদুকাপর্ব। তত দিনে রোজার আধাআধি পেরিয়ে যায়। শেষার্ধে জমজমাট হয়ে ওঠে জুতা-স্যান্ডেলের দোকান। গতকাল সোমবার রাজধানীর জুতার দোকানগুলোয় সেই চেনা দৃশ্য চোখে পড়ল এবারও।
নিউ এলিফ্যান্ট রোডের জুতার বাজার ঘুরে দেখা গেল, পুরুষের চেয়ে নারী ক্রেতা বেশি। কোনো ক্রেতাকেই দেখা গেল না এক দোকানে স্থির হয়ে বসতে। পছন্দের জুতার খোঁজে তঁারা কেবল এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন। জনপ্রিয় ব্র্যান্ড বাটা এবার ছোটদের জন্য এনেছে ‘বাবা গামারস’ ও ‘বেনটেন’ নামের জুতা। দাম পড়ছে এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে। বিক্রিও হচ্ছে বেশ।
চৌরঙ্গী ভবনের পাশেই গফুর ম্যানসন, শতাধিক জুতার দোকান সেখানে। রুবেল সুজের শোরুমে এক জোড়া জুতা হাতে নিয়ে বেশ খুঁটিয়ে দেখছেন শাম্মি ও তাঁর কলেজপড়ুয়া বোন নীলা। বেশ কয়েক জোড়া জুতা তাঁদের সামনে। কোনোটাই ঠিকমতো পছন্দ হচ্ছে না। কথা বলতে চাইলে বললেন, ‘অনেকক্ষণ ধরেই দেখছি, কিন্তু জুতার রং ও ডিজাইনে মিলছে না।’
কেমন জুতা চলছে এবার: বাটার ব্যবস্থাপক শামীম আক্তার বললেন, বাটা থেকে মেয়েরা এবার ‘পামশু’ আর ‘ফ্ল্যাট স্যান্ডেল’ কিনছে বেশি। ছেলেরা কিনছে ‘লোফার’ নামের আটপৌরে ব্যবহারের মতো ফিতা ছাড়া ফ্ল্যাট জুতা।
রুবেল সুজের কর্মচারী জয়নাল বললেন, ‘একেক ক্রেতার একেক ধরনের পছন্দ। কেউ চাচ্ছেন আগেপিছে সমান উঁচু জুতা, এর নাম ব্যালান্স হিল, কেউ চাইছেন পেনসিল হিল আবার কেউ ফ্ল্যাট স্যান্ডেল।’ নাগরার মতো দেখতে সোনালি জরির কাজ করা পামশুর ক্রেতাও কম নেই। এ ছাড়া ‘কককটি’, ‘কিরণমালা’ নামেও জুতা আছে। এসব নাম কারা দেয়? জানতে চাইলে ওই বিক্রেতা বললেন ‘ক্রেতার মর্জি বুঝে নাম চালিয়ে দিই।’
প্যারাগন সুজের বিক্রেতা আশা বললেন, এবার বড়দের পাশাপাশি ছোটদেরও জুতা বাজারে সমানতালেই এসেছে। জুতার মান, রং ও ডিজাইন অন্য বছরের তুলনায় আলাদা। বিভিন্ন ডিজাইনের হওয়ায় ক্রেতাদের সহজেই পছন্দ হচ্ছে। এবার সিল্ক, জিনসসহ নানা রঙের কাপড় দিয়ে তৈরি জুতা বাজারে এসেছে। এগুলোর গোড়ালির কাছে রাবার বা চামড়া দিয়ে ডিজাইন করা। ওপরে নানা ধরনের পুঁতির কারুকাজ। বিভিন্ন রঙের এসব জুতা বা স্যান্ডেল বিক্রি হচ্ছে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।
বসুন্ধরা সিটির সব জুতার দোকানেই উপচে পড়া ভিড়। বে এমপোরিয়ামের বিক্রেতা মাসুম বললেন, ‘এবার ফিতা ছাড়া জুতা বেশি চলছে। ফিতা ছাড়া জুতা পরতে বেশ আরাম ও খুলতে সময় লাগে না। এ কারণে ছেলেরা এই জুতাটাই বেশি কিনছে। কেডসও এবার ভালো বিক্রি হচ্ছে। মেয়েরা বেশি কিনছে ফ্ল্যাট স্যান্ডেল।’
ছেলের জন্য পছন্দসই জুতা কিনতে দুই মার্কেট ঘুরে বসুন্ধরা সিটির এপেক্স শুতে এসেছিলেন পঞ্চাশোর্ধ্ব আরিফা বেগম। তিনি বলেন, ‘আমাদের ছোটবেলায় বাবা-মায়েরা যা কিনে দিত তাই নিতাম। আর এখন তো সময় বদলেছে। তারা নিজে দেখে পছন্দমতো নেবে।’
এসব বড় বড় মার্কেটের বাইরেও ক্রেতা আছেন। তাঁরা নিম্ন আয়ের মানুষ। শহরের ফুটপাত তাঁদের ভরসা। নিজের সাধ্যের মধ্যে ফুটপাতেই কিনছেন পছন্দের জুতা।
পলওয়েলের দোতলায় লোটো ব্র্যান্ডের হিল স্যান্ডেল পছন্দ হলো তরুণী তানিয়ার। পছন্দ করে পায়ে পরতেই উচ্চতা বেড়ে গেল দুই ইঞ্চি। দোকানের আয়নায় তা দেখে তরুণী বলে ফেললেন, ‘ওমা, আমি তো লম্বা হয়ে গেলাম।’ সঙ্গে আসা তরুণটি শুনে বললেন, ‘যিনি তোমাদের কথা ভেবে হিল জোড়া আবিষ্কার করেছিলেন, তাঁকে ধন্যবাদ দাও।’