এখন নিশ্চিহ্ন হওয়ার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্বিনীকুমার দত্তের বাসভবনের পুকুরটি ইতিমধ্যে পরিণত হয়েছে ডোবায়। ছবিটি সম্প্রতি তোলা l সাইয়ান
অশ্বিনীকুমার দত্তের বাসভবনের পুকুরটি ইতিমধ্যে পরিণত হয়েছে ডোবায়। ছবিটি সম্প্রতি তোলা l সাইয়ান

বরিশালে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী অশ্বিনীকুমার দত্তের বাসভবনের ঐতিহ্যবাহী পুকুরটি আবর্জনার স্তূপ ও নির্মাণাধীন স্থাপনার মাটিতে ভরাট হয়ে যাচ্ছে। ২০০ বছরের বেশি পুরোনো পুকুরটি ইতিমধ্যে পরিণত হয়েছে ডোবায়। এখন চলছে পুরোপুরি নিশ্চিহ্ন করার কাজটি।
গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুকুরের এক পাশ আবর্জনার স্তূপে ভরে উঠেছে। দক্ষিণে পুকুরের কাছে মসজিদ নির্মাণের প্রস্তুতি চলছে। নির্মাণকাজের মাটি পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুরের দক্ষিণ অংশ উঁচু হয়ে গেছে। কয়েক দিন আগে পাশেই বহুতল ভবন নির্মাণের মাটিও ফেলা হয় এ পুকুরে। এ অবস্থায় অনেকেরই আশঙ্কা, যেকোনো মুহূর্তে পুকুরটি হারিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় পুকুরটিতে এলাকার কিশোর-যুবকেরা সাঁতার কাটত। এখন আর তেমন সুযোগ নেই। অগ্নিনির্বাপণের মতো জরুরি কাজে ব্যবহারের জন্য হলেও পুকুরটি রক্ষা করা দরকার।
বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী মানবেন্দ্র বটব্যাল জানান, ১৮০০ সালের শুরুর দিকে অশ্বিনীকুমার দত্তের বাবা ব্রজমোহন দত্ত তাঁর বাড়ির সামনে প্রায় ৫৩ শতাংশ জমির ওপর ওই পুকুর খনন করেন। ১৯২৩ সালে ছেলে অশ্বিনীকুমারের মৃত্যুর পর ১৯৫৫ সালে বাড়িটি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ‘অশ্বিনীকুমার কসমোপলিটন ছাত্রাবাস’ হিসেবে পরিচিতি পায়। এখানেই ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয় বরিশাল নৈশ কলেজ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটি অশ্বিনীকুমারের নামে করার দাবি উঠলেও তা পূরণ হয়নি। ১৯৮৭ সালে কলেজটি জাতীয়করণ হলে সরকারি বরিশাল কলেজ নামে পরিচিত হয় এটি। এরপর পুকুরটি ধ্বংসের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় লোকজনের পানীয় জলের অভাব পূরণ করতেই খনন করা হয়েছিল পুকুরটি। জাতীয়করণ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ পুকুরটি ভরাটের উদ্যোগ নিলে নাগরিক সমাজের প্রতিবাদে তার অর্ধেকটা টিকে যায়।
উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সভাপতি বিশ্বনাথ দাস মুনশি প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালে তৎকালীন মেয়র শওকত হোসেন হিরণ এই পুকুর রক্ষার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেটি সংস্কার বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন বলেন, একসময় এখানে কলেজ প্রতিষ্ঠা করে বাড়িটি নিশ্চিহ্ন করা হয়। বেঁচে থাকে পুকুরটি। সেটিও যদি ভরাট করা হয়, তাহলে আর ঐতিহ্য থাকল কী?
এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের দাবি, পুকুরের অর্ধেক আগেই ভরাট হয়েছে। তারা এটি ভরাট করছে না। শুধু নির্মাণকাজের জন্য কিছু মাটি পুকুরের পাশে ফেলা হয়েছে। সেগুলোও সরিয়ে নেওয়া হবে। পুকুরের বাকি অংশ রক্ষায় সিটি করপোরেশনের সহযোগিতা চাওয়া হয়েছে।