‘এখন বুজিক ত্যাল ছাড়া তরকাই খাবার নাগবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার মানচিত্র

‘আবাদোত (ফসল চাষ) খরচ বেশি। বেচপার গেইলে দাম কম। ফির কোনো জিনিস কিনবার গেইলে দাম বাড়ে। সরকার চাকরিয়াদের (চাকরিজীবী) বেতন বাড়াইতে আছে। বাজারোত জিনিসের দামে আগুন নাগছে। এখন বুজিক ত্যাল ছাড়া তরকাই খাবার নাগবে। ছইল পইল নিয়া হামার আর বাঁচার বুদ্ধি নাই।’

এই মন্তব্য রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী গ্রামের কৃষক আফজাল হোসেনের। ভোজ্যতেল, সবজিসহ নিত্যপণ্যের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় আফজালের মতো নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। তাঁরা সংসারের খরচ চালানোর কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।

এর মধ্যে ভোজ্যতেল সয়াবিনের মূল্য বৃদ্ধি পাওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে তেল কিনতে গিয়ে দাম নিয়ে ভোক্তা ও দোকানদারদের মধ্য হরহামেশাই বাকবিতণ্ডা হচ্ছে।

বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ বাজারে একটি মুদিদোকানের সামনে হঠাৎ মানুষের ভিড় জমে। এগিয়ে দেখা গেল, ক্রেতা–বিক্রেতার মধ্যে চলছে বাকবিতণ্ডা। অনেকটা হাতাহাতির উপক্রম। উপস্থিত লোকজন দুজনকে দুদিকে টেনে নিয়ে যাচ্ছিলেন।

কথা বলে জানা গেল, ক্রেতার নাম শরিফুল ইসলাম। তিনি তারাগঞ্জের ইকরচালি গ্রামের দিনমজুর। শরিফুল বলেন, গত সপ্তাহে তিনি আধা লিটার সয়াবিন তেল মুদি দোকানি আরিফুলের কাছে ৮০ টাকায় কিনেছিলেন। আজ বৃহস্পতিবার ওই দোকান থেকে সমপরিমাণ সয়াবিন তেল বাজারের ব্যাগে ঢোকানোর পরে আরিফুল দাম চেয়েছেন ৮৫ টাকা। দোকানদারের সঙ্গে তাঁর বিপত্তিটা সেখানেই। দাম বেশি চাওয়ায় তিনি দোকানদারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুব্ধ শরিফুল বলেন, ‘দ্যাশটা মগের মুল্লুক নাকি! সাত দিনে হাফ লিটার ত্যালের দাম পাঁচ টাকা বাড়ে!’

ভিড়ের মধ্যে দুই ব্যক্তি শরিফুলকে বোঝানোর চেষ্টা করেন। একজন বলেন, ‘ভাই, দোকানির দোষ নেই। সয়াবিনের দাম আবার সরকার বাড়াইছে।’ এ কথা শুনে শরিফুলের গলা কিছুটা শান্ত হয়।

মুদি দোকানি আরিফুল ইসলাম বলেন, ‘কন তো ভাই, সরকার তেলের দাম বাড়াইছে, উনি (ক্রেতা শরিফুল) সেটা বোঝে না। উল্টা আমার ওপরেই রাগ। গুষ্টি তুলে গালিগালাজ করছে। পারলে মারে। এখানে আমার কী করার আছে!’

তারাগঞ্জের খিয়ারজুম্মা গ্রামের দিনমজুর ফারুক হোসেন (৬০) বলেন, ‘বাহে, এক বছরে এক লিটার সয়াবিন তেলে ৬০ টাকা দাম বাড়িল। কিন্তু এই এক বছরে তো হামার কৃষাণের এক টাকাও মজুরি বাড়িল না। হামার কামাই না বাড়িয়া যদি এমতোন করি তেল, চাল ও সবজির দাম বাড়ে দেয়, তা হইলে হামরা গরিব মানুষ বাঁচমো কেমন করি!’

তারাগঞ্জ ও বদরগঞ্জের হাটবাজারগুলো ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ১০-১৫ টাকা পর্যন্ত দর বেড়েছে। সাত দিন আগে প্রতি কেজি বেগুন ৩৫ টাকা, শসা ৩০ টাকা, গাজর ১৫ টাকা, কাঁচা মরিচ ৩৫ টাকা, শিম ৪০ টাকা, ফুলকপি ২০ টাকা দরে বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার প্রতি কেজি বেগুন ৫০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচা মরিচ ৪৫ টাকা, শিম ৫০ টাকা ও ফুলকপি ৩০ টাকায় বিক্রি হয়েছে।

তারাগঞ্জের প্রামানিকপাড়া গ্রামের ভূমিহীন সোলেমা বেগমের একার আয়ে চলে চার সদস্যের সংসার। স্বামী নেই। অন্যের খেত–খামারে দিনমজুরি করে তাঁর দৈনিক আয় ১৫০ টাকা। সোলেমা বেগম আক্ষেপ করে বলেন, ‘হাটোত খরচ করিবার গেইলে মাথা ভনভন করি ঘোরে। ডেলিদিন তরিতরকারির দাম বাড়োছে। মোর যে কামাই, তাক দিয়া খাই কি? করি কী?’