এখনই জয়ের পথে কাউন্সিলর প্রার্থী!
সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই চট্টগ্রামের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ হতে চলেছেন। গতকাল বুধবার তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-সমর্থিত গিয়াস উদ্দীন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ওয়ার্ড থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েন গিয়াস উদ্দীন। পরে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। প্রার্থিতা ফিরে পাওয়ার পর হঠাৎ কেন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন, এমন প্রশ্নে গিয়াস উদ্দীন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাকে একটি মিথ্যা অপবাদ দিয়ে কেন বাদ দেওয়া হবে? তাই আমি আপিল করেছিলাম। এখন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।’ খেলাপি ঋণের কারণে প্রথমে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
সমঝোতার কারণে এই ওয়ার্ডটি জামায়াতকে ছেড়ে দেওয়ায় এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। গত সিটি নির্বাচনে এই ওয়ার্ডে জয়ী হয় জামায়াত-সমর্থিত মাহফুজুল আলম। মামলার কারণে প্রকাশ্যে না থাকলেও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কিন্তু তথ্য গোপনের কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাঁর আবেদনটি বাদ পড়ে। তিনি আপিল করলেও প্রার্থিতা ফিরে পাননি। শেষ চেষ্টা হিসেবে প্রার্থিতা ফিরে পেতে গতকাল পর্যন্ত তাঁর পক্ষে কেউ উচ্চ আদালতে আবেদন করেননি।
এই ওয়ার্ডে বিএনপির প্রার্থী না থাকার বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যেখানে জামায়াত শক্তিশালী, সেখানে আমরা তাদের ছেড়ে দিয়েছিলাম। তাই পাহাড়তলীতে বিএনপির প্রার্থী ছিল না। পাহাড়তলী ওয়ার্ডে জামায়াতের প্রার্থীকে মামলার কারণে বাদ দিয়েছে। এখন সরকার আমাদের বিরুদ্ধে সকাল-বিকেল মামলা করছে। প্রার্থী যেগুলো জানা ছিল, সেগুলো সে উল্লেখ করেছে।’
গিয়াস উদ্দীন গতকাল প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করলে তাঁকে রিটার্নিং কর্মকর্তার জেরার মুখে পড়তে হয়। ভয়-ভীতি, চাপ কিংবা টাকার বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন কি না, এসব প্রশ্নের জবাব দিতে হয় গিয়াস উদ্দীনকে। কিন্তু কেউ তাঁকে চাপ দেয়নি, স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করছেন বলে তিনি জানান।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘গিয়াস উদ্দীন মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে এখন একজনমাত্র প্রার্থী রয়েছেন। আমরা তাঁকে (গিয়াস) নানাভাবে জিজ্ঞাসা করেছি। কিন্তু তিনি বলেছেন স্বেচ্ছায় প্রত্যাহার করছেন। পরে প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়।’
জামায়াত-সমর্থিত প্রার্থী মাহফুজুল আলম প্রকাশ্যে না থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ছোট ভাই মাহবুব আলম জানান, প্রার্থিতা ফিরে পেতে তাঁরা উচ্চ আদালতে যাবেন। তিনি দাবি করেছেন, ষড়যন্ত্র করে তাঁর ভাইয়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘নির্বাচিত’ হতে চলার বিষয়ে মাহবুব আলম বলেন, ‘গিয়াসকে হিরন সাহেব (মোহাম্মদ হোসেন) ডামি হিসেবে দাঁড় করিয়েছিলেন। আমার ভাইয়ের মনোনয়ন বাতিল হওয়ার পর তাঁকেও প্রত্যাহার করে নিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য এ ষড়যন্ত্র করেছেন।’
তবে নিজেকে ডামি হিসেবে মানতে নারাজ গিয়াস উদ্দীন। তিনি বলেন, ‘আমি কারও ডামি নই। ’
এ বিষয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ হোসেন বলেন, ‘গিয়াসের বিষয়ে আমি কিছু জানি না। সে আমাকে ফোন করে জানিয়েছে। এতে আমার কোনো হাত নেই। যদি কেউ উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে না পায়, তাহলে আমি হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব।’
২০১০ সালে অনুষ্ঠিত গত নির্বাচনে মোহাম্মদ হোসেনকে ১৬৭ ভোটে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হন জামায়াতের মাহফুজুল আলম। ওই সময় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।