এখনই সরব সম্ভাব্য প্রার্থীরা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেকে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে উপনির্বাচন নিয়ে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন পেতে জোর তদবির শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। অনেকে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। কেউ কেউ আগাম গণসংযোগ করছেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। তবে দৈব–দুর্বিপাকের কারণে পরে আরও নির্বাচনের সময় ৯০ দিন বাড়ানোর সুযোগ রয়েছে। ২৪ মে এক সভার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ূন কবির খোন্দকার বলেছেন, আগামী ২ জুন উপনির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তফসিল ঘোষণা করা না হলেও নির্বাচনী প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন। অনেকে আবার নিজেদের পরিচিতিমূলক লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে গিয়ে দোয়া চাইছেন। বেশি তৎপরতা দেখা যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। বিএনপির সম্ভাব্য কোনো প্রার্থীর তৎপরতা নেই। সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা রয়েছে।

আওয়ামী লীগের ১৬ জনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, সাবেক সদস্য ও ডাকসুর সাবেক নেতা দেওয়ান গৌস সুলতান, সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন ও কোষাধ্যক্ষ শমসের জামাল, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহিদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুর রকিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি এনাম উল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাছিত ও বদরুল ইসলাম।

সদ্য প্রয়াত সাংসদের স্ত্রী ফারজানা চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফেসবুকে সরব রয়েছেন তাঁর অনুসারীরা। এ বিষয়ে প্রয়াত সাংসদের ব্যক্তিগত সহকারী জুলহাস আহমেদ বলেছেন, শুভাকাঙ্ক্ষীরা এমন দাবি তুলেছেন। তবে পুরো বিষয়টিই নির্ভর করবে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

মনোনয়নপ্রত্যাশী ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি সরকারি চাকরি থেকে তিন বছর আগে অবসর নিয়েছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও নিয়েছিলাম। দুঃখজনক ও অপ্রত্যাশিতভাবে আমাদের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তাঁর আসনটি শূন্য হওয়ার পর স্থানীয়দের অনেকেই আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। যেহেতু আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, তাই উপনির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছি। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেব।’

ইহতেশামুলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীর প্রতীক। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুবার সাংসদ হয়েছিলেন।

মনোনয়নপ্রত্যাশী মিসবাহ উদ্দিনও দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি বলেন, গতবার মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এবার দলীয় সভাপতি উপনির্বাচনে সুযোগ দিলে তিনি বিজয় উপহার দিতে চান।

সম্ভাব্য অন্য প্রার্থীরাও নানাভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। হাবিবুর রহমান বলেন, ‘তৃণমূলের দলীয় নেতা-কর্মী ও ভোটাররাও আমাকে ভালোবাসেন। এখন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে আমি অবশ্যই তাঁর আস্থার প্রতিদান দেব।’

এই আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. নজরুল ইসলামসহ দলের তিনজন মনোনয়ন পেতে আগ্রহী। খেলাফত মজলিসের জেলা শাখার সহসাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন প্রার্থী হতে ইচ্ছুক বলে তাঁর কর্মী-সমর্থকেরা জানিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ উপনির্বাচনে প্রার্থী দেবে বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে। সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তাকিম রাজা চৌধুরী ও সেলিম মিয়া নামের দুজনের কথাও আলোচিত হচ্ছে।

সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের প্রথম আলোকে জানান, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। তাঁদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার এবং নারী ১ লাখ ৭৩ হাজার।