এখনো আতঙ্কে জিরবুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছার জিরবুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ ‘বনদস্যু’ নিহত হওয়ার পরও স্বস্তি ফিরে আসেনি এলাকায়। গ্রামবাসীর আশঙ্কা, প্রতিশোধ নিতে গ্রামে আবার হামলা চালাতে পারে ডাকাত দল। এ কারণে তাঁরা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন।
প্রশান্ত ঢালী নামের যে কলেজশিক্ষককে অপহরণের ঘটনা নিয়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছিল, সেদিনের ঘটনার পর তিনিও স্ত্রী-সন্তান নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। কথিত বন্দুকযুদ্ধের পাঁচ দিন পর ওই গ্রামে গেলে প্রথম আলো প্রতিনিধিকে এসব কথা জানান এলাকাবাসী।
জিরবুনিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ডাকাতি কিংবা অপহরণ নতুন কিছু নয়। এর সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত হয়েছে ফোনে চাঁদাবাজি। ৫ অক্টোবর বনদস্যুদের হাতে এক কলেজশিক্ষক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অভিযুক্ত ১৩ জন নিহত হন।
জিরবুনিয়া গ্রামটির চারপাশ নদী পরিবেষ্টিত। গ্রামের এক পাশ থেকে বয়ে গেছে হাবড়খালী নদী। এ নদীর দক্ষিণে সুন্দরবন। জিরবুনিয়ার পশ্চিমপাশটা ঘিরে আছে শিবসা নদীর একটি শাখা। যেটি এ গ্রামের নামেই পরিচিত। চরের মতো বিচ্ছিন্ন এ গ্রামটি বনদস্যুদের পছন্দ।
১১ অক্টোবর বিগরদানার আকবরের খেয়াঘাট থেকে জিরবুনিয়ায় পৌঁছানোর জন্য নৌকায় হাবড়খালী নদী পার হওয়ার সময় কথা হয় গ্রামের এক বাসিন্দার সঙ্গে। তিনি বনদস্যুদের হাতে অপহৃত কলেজশিক্ষকের প্রতিবেশী। তিনি বলেন, ‘ভয়ে আছি দাদা। আমাগের বিপদের শেষ নেই।’
জিরবুনিয়া খেয়াঘাটে পৌঁছালে চায়ের দোকানে কয়েকজন মানুষের দেখা মেলে। কিন্তু সেদিনের প্রসঙ্গ তুলতেই তাঁরা কিছু জানেন না বলে এড়িয়ে যান। প্রশান্তর বাড়ি গিয়ে তাঁকে পাওয়া গেল না। তাঁর বড় ভাই স্কুলশিক্ষক জিতেন্দ্রনাথ ঢালী বললেন, সেদিনের ঘটনার এক দিন পরই বউ-বাচ্চা নিয়ে প্রশান্ত বাড়ি ছেড়েছেন। তিনি আর বাড়িতে ফিরবেন না বলে জানিয়েছেন।
প্রশান্তের বোন কল্পনা সরকার বললেন, ‘সেই রাতির পর থেকি ভাই গাঙ্গে ট্রলারের শব্দ শুনলিই ভয় পাচ্ছে। গায়ে ছিল জ্বর। খালি ভুলভাল বকে।’ কথা প্রসঙ্গে জিতেন্দ্রনাথের কাছ থেকে জানা গেল, এক বছর আগে তাঁর ভগ্নিপতি একই গ্রামের বাসিন্দা ব্রজেন্দ্রনাথ মণ্ডলকে দস্যুরা অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। তিনি জানান, নিহতদের কাছে যে মুঠোফোন ছিল, তার কয়েকটিতে এলাকার ‘অবস্থাসম্পন্ন’ কয়েকজনের নম্বরও পাওয়া গেছে।
জিতেন্দ্রনাথের বাড়ি থেকে বের হয়ে বিকেলের দিকে তাঁর কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা হয়। এঁদের সবারই চোখেমুখে ছিল ভয় আর সন্দেহের ছাপ। তাঁরা জানালেন, এ ঘটনার পর তাঁরা রাত জেগে পালাক্রমে পাহারা বসিয়েছেন গ্রামে। তাঁদের কাছ থেকে আরও জানা গেল, জিতেন্দ্রনাথের ভগ্নিপতি অপহরণের ঘটনায় যে লোকটি মধ্যস্থতা করেছিলেন, সেই সবুর মোড়লও ৫ অক্টোবরের ঘটনায় মারা গেছেন। দস্যুদের আটক করার পর তিনি এসে দস্যুদের হয়ে সুপারিশ করলে জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপর অন্যদের মতো তিনিও ‘বন্দুকযুদ্ধে’ মারা যান।