এখনো আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি: পথসভায় ওবায়দুল কাদেরের ভাই
‘আমার ভোট আমি দেব, যাঁকে ইচ্ছা তাঁকে দেব। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন এ দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। ভাতের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখনো আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি। শেখ হাসিনা তা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা আজ বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন সভায় তাঁর বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এসব বক্তব্যে সুষ্ঠু নির্বাচন ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি গঠনে নানা অনিয়ম দূর করার দাবি জানান তিনি। দলের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সরব তিনি। এসব দাবিতে গত রোববার সমর্থকদের নিয়ে বসুরহাটের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন আবদুল কাদের মির্জা।
আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভায় টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। আজ সকালে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘বাংলাদেশের কে কোথায় কীভাবে ভোট নেবে, সেটা আমি জানি না। আমার এখানে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি চোখে আঙুল দিয়ে কেন্দ্রীয় সব দলের নেতাদের দেখিয়ে দিমু, গণতন্ত্র কী জিনিস। আমি এককভাবে, আর কেউ না দিলে আমার ভোট তো আমি পাব। ভোটে যে নির্বাচিত হবেন, তাঁকে অভিনন্দন জানিয়ে নেতা-কর্মীদের সঙ্গে চা-মিষ্টি খেয়ে বাড়ি যাব। পরদিন সকালে আবার আপনাদের সঙ্গে দেখা করব।’
আবদুল কাদের পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, ‘কিছু লোক প্রতীক্ষায় আছেন ভোটারদের পথে-ঘাটে ধরবেন, বাধা দেবেন, তাঁদের পেটাবেন। মহিলাদের বলছি, আপনাদের কেউ বাধা দিলে জুতাপেটা করবেন। আমরা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দেব, আমরা ভোট চুরির নির্বাচন চাই না। শেখ হাসিনার আন্তরিকতা আছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচনে আপনার পছন্দের লোককে ভোট দেবেন। আমাকে পছন্দ না হলে ভোট দিয়েন না। আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। অনেক অস্ত্রশস্ত্র এসেছে। আমাকে মেরে ফেলবে বলা হচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব আমার দল থেকে যাঁরা বহিষ্কৃত এবং টেন্ডারবাজি, চাকরি বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা করছেন। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করলে জাতীয় পর্যায়ে আপনাদের সম্মান বাড়বে।’
আবদুল কাদের তাঁর পূর্বের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘আমি একটি কথা প্রতিটি দিন বলি। একটি টিউমার চিকিৎসা করানোর জন্য আমি আমেরিকায় গিয়েছিলাম। সেখানে পরীক্ষায় আমার দুটি টিউমার ধরা পড়ে। আমি মনে করেছিলাম, আমার সঙ্গে আপনাদের আর দেখা হবে না। সেখানেই আমার জীবনাবসান হবে। কিন্তু আপনাদের ও মা-বাবার দোয়ায় আমার টিউমারে কোনো ক্যানসার পাওয়া যায়নি। আমি ঢাকা বিমানবন্দরে এসে ঘোষণা দিয়েছিলাম, আর যে কয়টা দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি তত দিন সাহস করে সত্য কথা বলব। অন্যায়–অবিচার অনিয়মের বিরুদ্ধে কথা বলব। এই প্রতিজ্ঞা নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি।’
তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে বলতে গিয়ে আবদুল কাদের বলেন, ‘উন্নয়ন-কাজকর্ম নিয়ে নতুন করে বলার কিছু নেই। রাস্তাঘাট, ড্রেনসহ সব কাজই হয়েছে। নির্বাচিত হলে আমি আবার আসব। অতীতে আমি কাউন্সিলরদের মাধ্যমে সবকিছু করাতাম। সালিস থেকে আরম্ভ করে সবকিছু। এটা করতে গিয়ে তাঁদেরও কিছু ভুলত্রুটি হয়েছে, তা না হলে মানুষের অসন্তুষ্টি কেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি, করলে এই সমস্যাগুলো হতো না। আগামী তিন মাসের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান করে দেব। ৬০ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের একটি প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। বসুরহাটের যানজট দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায্য পাওনা পরিশোধ করে ইতিমধ্যে রাস্তা প্রশস্ত করা হয়েছে।’
আবদুল কাদের বলেন, পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। সালিস–বাণিজ্য আর করতে দেওয়া হবে না। সালিসের নামে মানুষের টাকা পকেটে ঢুকানোর সুযোগ আর কেউ পাবে না। এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিতকে নিয়ে সালিস কমিটি গঠন করা হবে।