এখনো করোনার টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় বরিশাল বিভাগের ২০ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ছবি: রয়টার্স

বরিশাল বিভাগের ছয় জেলায় ১৮ বছরের ঊর্ধ্বে প্রায় ৫৬ লাখ ব্যক্তি করোনার টিকার প্রথম ডোজ পেলেও, ২০ লাখের বেশিজন এখনো দ্বিতীয় ডোজ পাননি। অন্যদিকে বিভাগে প্রথম ডোজ পাওয়া সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন কেবল ১ লাখ ৭৭ হাজার জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁদের হিসাবে বিভাগের মোট জনসংখ্যার ৫০ ভাগ লোক করোনার টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। বাকিরাও পর্যায়ক্রমে পাবেন। টিকার কোনো সংকট নেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে টিকাগ্রহীতাদের মধ্যে বুস্টার ডোজ পেয়েছেন ৫৫ হাজার ১৮৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ওই বছরের ৮ এপ্রিল থেকে বরিশাল বিভাগে টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু হয়েছে। এই কার্যক্রম এখনো চলমান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক বছরে স্বাস্থ্য বিভাগ বরিশাল বিভাগের ছয় জেলায় অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না—এই তিন কোম্পানির টিকা দিচ্ছে। গত এক বছরে বিভাগে পূর্ণবয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৫৫ লাখ ৮৮৬ জনকে। এরপর তাঁদের মধ্যে ৩৪ লাখ ৮৮ হাজার ২৪ জন দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন।

অন্যদিকে গত বছরের ১৭ নভেম্বর থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৩০৬ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে ১ লাখ ৭৭ হাজার ১৮৩ জনের।

বরিশাল সিটি করপোরেশনের বাসিন্দাদের মধ্যে ৩ লাখ ৭৩ হাজার জন প্রথম ডোজ ও ২ লাখ ৭১ হাজার ব্যক্তি দ্বিতীয় ডোজ পেয়েছেন। এ ছাড়া নগরের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ এবং ২৩ হাজার শিক্ষার্থী টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, টিকা নিতে মানুষের আগ্রহে ঘাটতি আছে, তা বলা যাবে না। তবে অসচেতনতার কারণে কিছু মানুষের মধ্যে এখনো টিকা নেওয়ার ব্যাপারে অনাগ্রহ আছে, সে সংখ্যা খুব কম। টিকা নেওয়ার ব্যাপারে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে নানামুখী সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।